২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোনো নারী উদ্যোক্তা পুরুষদের মত ঋণখেলাপি নয়’

রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 11:38 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

সোমবার ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০১৭’ শিরোনামে এ মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনীতে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা ও এক্ষেত্রে ব্যাংকগুলোর ভূমিকা সম্পর্কে কথা বলেন প্রতিমন্ত্রী চুমকি।

তিনি বলেন, “বাংলাদেশে এমন ঘটনা আছে, অনেক পুরুষ ব্যবসায়ী হাজার হাজার কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা শোধ করেনি, কিন্তু এমন ঋণখেলাপি কোনো নারী উদ্যোক্তা বোন নেই এই দেশে।”

বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের মালিকানাধীন সম্পত্তির পরিমাণ কম থাকে বিধায় জামানত ছাড়াই ব্যবসা করার জন্য তাদের ব্যাংক লোন দেওয়া উচিত বলে মন্তব্য করেন চুমকি।

“আমাদের দেশে নারীদের তো সম্পত্তির মালিকানা পাওয়া খুবই কঠিন কোনো কোনো ক্ষেত্রে। জামানত ছাড়াই তাদের লোন দিতে হবে। পুরুষদের সাথে এগিয়ে যাওয়ার জন্য, নারীদের উত্তরোত্তর সাফল্য দেখতে চাইলে তাদেরকে আমাদের সাহায্য করতেই হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, “জাতিসংঘ এর সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক অনুমোদিত এসজিডি এবং গ্লোবাল রোডম্যাপ-২০৩০ এ নারীর ক্ষমতায়নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

“এসজিডির এই লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ এক ধাপ এগিয়ে আছে, কেননা অনেক আগে থেকেই বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।”

মেলায় ২৭টি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা ২৭ জন উদ্যোক্তার স্টল বসেছে মহিলা সমিতি প্রাঙ্গণে, যা চলবে বুধবার পর্যন্ত।

পরে দ্বিতীয় দফায় ৯ মার্চ থেকে শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত আরও ২৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া ঋণ থেকে ব্যবসা শুরু করা নারী উদ্যোক্তার পণ্য প্রদর্শনী ও বিক্রয় চলবে। দুই ধাপেই এই মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আনিস এ খান বলেন, “বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ব্যাংকসমূহ এখন নারী উদ্যোক্তা অর্থায়নকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক খাত হিসেবে চিহ্নিত করেছে।”

অনুষ্ঠানে গভর্নর এবং প্রতিমন্ত্রী ২০ জন নারী উদ্যোক্তাকে ছয় কোটি ৭০ লাখ টাকা ঋণ প্রদান করেন।