২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে এক পরিবারের তিনের বেশি পরিচালক? সমঝোতা না হলে লটারি

ব্যাংক কোম্পানি আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী কোনো ব্যাংকে এক পরিবার থেকে সর্বোচ্চ তিনজনের একই সময়ে পরিচালক থাকার সুযোগ আছে।

ব্যাংকে এক পরিবারের তিনের বেশি পরিচালক? সমঝোতা না হলে লটারি

বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 08:34 PM

Updated : 26 Jul 2023, 08:47 PM

যেসব ব্যাংকের পরিচালনা পর্ষদে এখনও এক পরিবারের তিনজনের বেশি সদস্য আছে, তাদের ‘সমঝোতার ভিত্তিতে’ তা তিন জনে নামিয়ে আনার পরামর্শ দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, তা না হলে লটারির মাধ্যমে একজনকে বাদ দিতে হবে।

সংশোধিত ব্যাংক-কোম্পানি আইনের ১৫(১০) ধারা মনে করিয়ে দিয়ে বুধবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, এখন আর কোনো বাণিজ্যিক ব্যাংকের পর্ষদে একই সময়ে এক পরিবারের তিন জনের বেশি সদস্য পরিচালক পদে থাকার সুযোগ নেই।

এক সময় এক পরিবার থেকে দুই জনের বেশি সদস্য একই সময়ে ব্যাংকের পরিচালক থাকতে পারত না। ২০১৮ সালে আইন সংশোধন করে তা বাড়িয়ে চারজন করা হয়েছিল। গত জুন মাসে ব্যাংক-কোম্পানি আইনের সর্বশেষ সংশোধনে তা আবার কমিয়ে তিনজন করা হয়। 

নতুন সংশোধনী বাস্তবায়নে যেসব ব্যাংকে এক পরিবারের চার জন পরিচালক রয়েছেন, তাদের মধ্যে থেকে একজনকে পদত্যাগ করতে নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এক পরিবার থেকে আসা পরিচালকদের মধ্যে সমঝোতার মাধ্যমে একজনকে সরে যেতে হবে। তা না হলে ব্যাংকের পরিচালক পর্ষদের সভায় লটারির মাধ্যমে তা নির্ধারণ করতে হবে। পরিচালক সংখ্যা তিন জনে নামিয়ে এনে তা কেন্দ্রীয় ব্যাংকে দ্রুত জানাতে বলা হয়েছে সার্কুলারে।

ব্যাংক-কোম্পানি আইনের এবারের সংশোধনীতে এক পরিবারের পরিচালকদের সংখ্যা কমানো হলেও মেয়াদ বাড়িয়ে ১২ বছর করা হয়ছে। আগের সংশোধনীতে তা ৬ বছর থেকে বাড়িয়ে ৯ বছর করা হয়েছিল।

আইন সংশোধনের এই সুযোগে এখন বিদ্যমান পরিচালকরা নতুন করে আরো ১২ বছর ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন।