১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরা ফিন্যান্সের ৫ পরিচালক অপসারণ, নতুন নিয়োগ ৪ জন

নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকে চেয়ারম্যান ও অন্যান্য কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 11:21 PM

Updated : 29 Dec 2022, 11:28 PM

ঋণ অনিয়মের কারণে উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চেয়ারম্যানসহ পাঁচ পরিচালককে অপসারণ করে নতুন চার স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার পাঁচ পরিচালককে অপসারণে বাংলাদেশ ব্যাংকের পৃথক চিঠি পাওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন উত্তরা ফিন্যান্সের কোম্পানি সচিব মোহাম্মদ মহিবুর রহমান।

অপসারণ করা এই পাঁচ পরিচালকের চারজনই উত্তরা গ্রুপের বিভিন্ন কোম্পানির মনোনীত হিসেবে উত্তরা ফাইন্যান্সের পর্ষদে ছিলেন।

ব্যাংক বর্হিভূত এ আর্থিক প্রতিষ্ঠানের পাঁচ পরিচালককে অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হকও।

কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচজনকে অপসারন করেছেন তারা হলেন- চেয়ারম্যান রাশেদুল হাসান (উত্তরা অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের মনোনীত পরিচালক), ভাইস চেয়ারম্যান মতিউর রহমান (উত্তরা অটোমোবাইলস লিমিটেডের মনোনীত পরিচালক), উদ্যোক্তা পরিচালক জাকিয়া রহমান, নাইমুর রহমান (উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের মনোনীত) ও কাজী ইমদাদ হোসেন (উত্তরা মোটরস লিমিডেটের মনোনীত)।

নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হলেন সদ্য অবসরোত্তর ছুটিতে যাওয়া সেনা কর্মকর্তা মোহাম্মদ মাকসুদুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা মইনুর রহমান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান ও হিসাববিদ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

উত্তরা ফাইন্যান্সের পর্ষদে পুরনোদের মধ্যে থাকছেন তাহমিনা রহমান তিনা ও দুই স্বতন্ত্র পরিচালক এএস জহির মুহাম্মাদ ও মায়া রানী রায়।

নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকদের মধ্যে থেকে চেয়ারম্যান ও অন্যান্য কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য আগামী রোববার পরিচালনা পর্ষদের সভা আয়োজন করছে উত্তরা ফিন্যান্স।

এসব বিষয়ে উত্তরা ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিনহাজ আহমেদ কোনো বক্তব্য দিতে চাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিব না।"

এর আগে বুধবার পাঁচ পরিচালকে অপসারন, পর্ষদ বিলুপ্ত ও নতুন পরিচালক নিয়োগ দিয়ে পুনর্গঠন করতে উত্তরা ফিন্যান্সকে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল।

তালিকাভুক্ত হওয়ায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছ থেকে পরিচালক নিয়োগ দিতে ১২ জনের তালিকা সংগ্রহ করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই তালিকা ধরে স্বতন্ত্র হিসেবে চারজনকে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক।

এর আগে ঋণে অনিয়ম করায় আর্থিক অবস্থা জানতে বাংলাদেশ ব্যাংক বিশেষ পরিদর্শন করে উত্তরা ফিন্যান্স। এছাড়া নিয়োগ দেয় বিশেষ নিরীক্ষকও। কোম্পানিটির পরিচালকরাই স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানির নামে অনিয়ম করে বিপুল ঋণ নিয়েছেন বলে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় খবর বেরিয়েছে।

২০১৯ সালের আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে ওই নিরীক্ষা করেছিল বাংলাদেশ ব্যাংক। এজন্য ২০২০ ও ২০২১ সালের আর্থিক প্রতিবেদন এখনও প্রস্তুত করতে পারেনি উত্তরা ফিন্যান্স।

এখন নতুন পর্ষদ আর্থিক প্রতিবেদন প্রস্তুত, জালিয়াতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে নিয়মনীতি না মেনে ঋণ অনিয়মের ঘটনায় সম্পৃক্ততা পেয়ে গত জুন মাসে এসএম শামসুল আরেফিনকে ব্যাবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

পুরানো খবর:

উত্তরা ফাইন্যান্সের পর্ষদ পুনর্গঠনের পদক্ষেপ

পুরানো খবর:

আর্থিক প্রতিবেদনে ‘গরমিল’: উত্তরা ফাইন্যান্সের এমডিকে অপসারণ