বিল পরিশোধে বিকাশ অ্যাপে ‘অটো পে’
এই সেবা চালু থাকলে প্রতি মাসের নির্দিষ্ট প্রিপেইড বিল স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে।
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক স্বয়ংক্রিয়ভাবেই বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদির বিল পরিশোধের সুবিধা নিতে পারবেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, নির্ধারিত তারিখে প্রিপেইড বিল পরিশোধ করতে ভুলে যাওয়া এবং ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন হওয়ার দুশ্চিন্তা দূর করতে বিকাশ অ্যাপে যুক্ত করা হয়েছে ‘অটো পে’ সুবিধা।
এই সেবা চালু থাকলে প্রতি মাসের নির্দিষ্ট প্রিপেইড বিল স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ হয়ে যাবে। ফলে বিদ্যুৎ বিল কখন দিতে হবে, তা এখন আর আলাদা করে মনে রাখার প্রয়োজন পড়বে না।
সেবাটি চালু করতে বিকাশ অ্যাপের ‘মাই বিকাশ’ কিংবা বিকাশ মেন্যু থেকে ‘অটো পে’ সিলেক্ট করে ‘নতুন অটো পে’ বাটনে ট্যাপ করতে হবে। পরের ধাপে কোন ধরনের বিল তা নির্বাচন করে বিল অ্যাকাউন্টের বিস্তারিত, বিলের পরিমাণ এবং কত তারিখে ‘অটো পে’ হবে তা নির্ধারণ করতে হবে। এরপর সম্মতি দিলেই চালু হয়ে যাবে ‘অটো পে’।
এরপর প্রতি মাসে নির্ধারিত দিনের আগে বিকাশই মেসেজের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেবে পর্যাপ্ত ব্যালেন্স রাখার কথা।
তবে গ্রাহক চাইলে একাধিক প্রিপেইড বিলের ক্ষেত্রে অটো পে চালু করে রাখতে পারেন। আবার যে কোনো সময় যে কোনো ‘অটো পে’ অপশন বাতিলও করতে পারেন।
বিকাশ অ্যাপের ইনবক্স অথবা বিকাশ মেন্যুর স্টেটমেন্ট অপশনে গ্রাহক এমনিতে তার সর্বশেষ লেনদেনের চিত্র দেখতে পান। এখন সেখানে প্রতিটি লেনদেনের সাথেই যুক্ত হয়েছে কত চার্জ খরচ হয়েছে, তার রেকর্ডও। ফলে গ্রাহক তার দৈনন্দিন লেনদেনের আরও বিস্তারিত হিসাব রাখতে পারবেন।
এর পাশাপাশি নতুন যোগ হয়েছে ইনবক্স থেকে ট্রানজেকশন ডিটেইলস শেয়ার করার সহজ পদ্ধতি। এখন লেনদেনের পরিমাণ, সময়, ট্রানজেকশন আইডিসহ সম্পূর্ণ বিস্তারিত তথ্যই শেয়ার করা যাবে যে কোনো যোগাযোগ মাধ্যমে।
ফলে ইনবক্সে থাকা সব লেনদেনের স্ক্রিনশট থেকে কিছু অংশ কেটে কাউকে পাঠানোর ঝামেলা দূর হলো নতুন এই ফিচারের মাধ্যমে।
কাউকে লেনদেনের তথ্য শেয়ার করতে বিকাশ অ্যাপের ইনবক্স থেকে নির্দিষ্ট লেনদেনের উপর ট্যাপ করলে স্ক্রিনের নিচের দিকে একটি আলাদা কার্ডের মতো অংশে দেখা যাবে বিস্তারিত, যেখান থেকে ‘শেয়ার’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মতো যে কোনো যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করা যাবে। এমনকি গ্রাহক চাইলে অ্যাপের ইনবক্স থেকে পে বিলের রিসিট ডাউনলোডও করতে পারবেন।
গ্রাহক চাইলে লেনদেন শেষে তার অ্যাকাউন্টের ‘নতুন ব্যালেন্স’ অংশটি গোপনও রাখতে পারবেন। ফলে, কাউকে টাকা পাঠিয়ে বা পেমেন্টের পর স্ক্রিনশট পাঠাতে চাইলে এখন আর গ্রাহককে ‘ব্যবহারযোগ্য ব্যালেন্স’ মুছে ফেলার জন্য সময় নষ্ট করতে হবে না। গ্রাহকরা যেকোনো পণ্যের হোম ডেলিভারি নিয়েও লেনদেনের বিস্তারিত সহজেই শেয়ার করতে পারবেন নিজ অ্যাকাউন্টের ব্যালেন্স গোপন রেখেই।
