বাজারে সিন্ডিকেট ভেঙে দেওয়ার সক্ষমতা পুলিশের আছে: ডিএমপি কমিশনার
“দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি এমন থাকার কথা নয়। যা হয়েছে সেটা হলো সমন্বয়ের অভাব। সবাই একসঙ্গে কাজ করলে, সবাই সহযোগিতা করলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব”, বলেন ঢাকার পুলিশ প্রধান।
নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে ডে ‘সিন্ডিকেটের’ কথা বছরের পর বছর আলোচনায় রয়েছে, সেটি ভেঙে দেওয়ার ক্ষমতা পুলিশের আছে বলে দাবি করেছেন ঢাকার পুলিশ প্রধান হাবিবুর রহমান।
বাজারে সিন্ডিকেটসহ যে কোনো অপতৎপরতা বন্ধে পুলিশ তৎপর রয়েছে বলেও দাবি করেছেন ডিএমপি কমিশনার।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরকার নির্ধারিত দাম কার্যকর না হওয়ার কারণ নির্ণয়ে বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ডিএমপি।
ঢাকা মহানগর পুলিশের সদরদপ্তরের সম্মেলন কক্ষে এই সভায় হাবিবুর রহমান এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, “বাজারে কেউ যেন কোনো ধরনের অপতৎপরতা তৈরি করতে না পারে, তা প্রতিরোধ করার উদ্দেশ্যে সবাই নিয়ে আলোচনায় বসেছি।
“যে কোনো সিন্ডিকেট ও যে কোনো অপতৎপরতা সমূলে নষ্ট করার জন্য ঢাকা মহানগর পুলিশ তৎপর আছে। যে কোনো সিন্ডিকেট ভেঙে দেওয়ার সক্ষমতা পুলিশের রয়েছে।”
আলোচনায় উঠে আসে, বাজারে কোনো জিনিসের স্বল্পতা নেই, যথেষ্ট মজুদ ও পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সংকট তৈরি হওয়ার ‘কারণ নেই’। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ‘স্বার্থান্বেষী মহলের কারণে’ বাজারে সংকট তৈরি হয়।
ডিএমপি কমিশনার বলেন, “বাজার নিয়ন্ত্রণে সরকার সবসময় আন্তরিক। প্রধানমন্ত্রী নিজেও প্রতিনিয়ত বাজারের খোঁজখবর নিয়ে থাকেন, কোথাও কোন সমস্যা হচ্ছে কী না খোঁজ নেন।”
মাছ, চাল ও সবজি উৎপাদনে সারাবিশ্বে বাংলাদেশ তৃতীয়, ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম জানিয়ে তিনি বলেন, “দেশের দ্রব্যমূল্য পরিস্থিতি এমন থাকার কথা নয়। যা হয়েছে সেটা হলো সমন্বয়ের অভাব। সবাই একসঙ্গে কাজ করলে, সবাই সহযোগিতা করলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব।”
এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিটি করপোরেশনের সঙ্গে বাজার মনিটরিংয়ে ঢাকা মহানগর পুলিশও অংশগ্রহণ করবে বলেও জানানো হয় সভায়।
যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদরদপ্তরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্পেশাল ব্রাঞ্চ, ফায়ার সার্ভিস, বাণিজ্য মন্ত্রণালয়, র্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকার বিভিন্ন থানা এলাকার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং ডিএমপির সব থানার ওসিরাও এতে অংশ নেন।
