১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুলশান অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন দুজন

সেখানকার আইসিইউতে সায়মা রহমানের চিকিৎসা চলছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2023, 05:58 PM

Updated : 20 Feb 2023, 06:30 PM

ঢাকার গুলশানে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া দুই ব্যক্তি শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

একই ঘটনায় একমি গ্রুপের পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমান সিনহার অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছাড়পত্র পাওয়া দুজন হলেন- রওশন আলী (৩৫) ও মোশা সিকদার (৩৩)।

তাদেরকে ‘অবজারভেশনে’ রেখে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইন্সিটিউটের সহকারী রেজিস্ট্রার নুরে আলম বাবু।

ছাড়পত্র পাওয়া রওশন আশুলিয়ার নিউ এইজ গ্রুপের একটি পোশাক কারখানার ব্যবস্থাপক। রওশন আশুলিয়ায় থাকলেও রোববার সন্ধ্যায় তিনি ওই ভবনের দশম তলায় কোম্পানির এমডি আরিফ ইব্রাহীমের বাসায় গিয়েছিলেন অফিসের কাজে।

আর মোশা সিকদার কোম্পানির এমডি আরিফ ইব্রাহীমের গাড়ি চালক, ঢাকার কুড়িলে তার বাসা। আগুন লাগার সময় তিনিও ওই ভবনে আটকা পড়েছিলেন।  

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সায়মা রহমান সিনহার অবস্থা বেশ ‘ক্রিটিক্যাল’।

“তার শ্বাসনালী বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে নিয়েই আমরা চিন্তিত। তিনি শঙ্কামুক্ত নন।”

সামন্ত লাল জানান, তিনজনের চিকিৎসার জন্য প্রথমে ১৮ সদস্যের কমিটি গঠন করা হলেও পরে আরও চারজন চিকিৎসক যুক্ত হয়েছেন।

মোট ২২ সদস্যের এই মেডিকেল বোর্ডের অধীনে সায়মার চিকিৎসা চলছে বলে জানান তিনি।

গুলশানের ১৩ তলা ওই ভবনে রোববার সন্ধ্যা ৭টায় আগুন লাগার পর চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আবাসিক ওই ভবনের নিচ তলা বাদে উপরের ১২ তলায় ছয়টি ডুপ্লেক্স ফ্ল্যাটে কয়েকটি পরিবারের বসবাস। আগুন ছড়িয়ে পড়লে ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েন। উপরের দুটো ফ্লোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহার বাসার ব্যালকনি থেকে লাফিয়ে পড়েন কয়েকজন।

তাদের মধ্যে আনোয়ার হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফাহিম সিনহার বাসায় বাবুর্চির কাজ ও বাজার করতেন।

ওই বাসার আরেক বাবুর্চি মোহাম্মদ রাজিব ওরফে রাজুকে গুরুতর আহত অবস্থায় রোববার রাতেই জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। রাজুও আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়েছিলেন।

হাসপাতালের চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর সুব্রত কুমার সাহা জানান, হাসপাতালে মোট ১৩ জন এসেছিলেন, তাদের মধ্যে আটজনকে ভর্তি করা হয়।

তাদের মধ্যে রাজিব মারা গেছেন, আর সায়মা রহমানকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

পুরনো খবর:

পুরানো খবর:

গুলশান আগুন: ফাহিম সিনহার স্ত্রী আইসিইউতে

পুরানো খবর:

গুলশান অগ্নিকাণ্ড: লাফিয়ে পড়ে আহত আরেকজনের মৃত্যু

পুরানো খবর:

গুলশান অগ্নিকাণ্ড: লাফিয়ে পড়ে মারা যাওয়া আনোয়ারের স্ত্রী অন্তঃসত্ত্বা

পুরানো খবর:

গুলশানের আবাসিক ভবন নরককুণ্ড, ১ জনের মৃত্যু