আগারগাঁওয়ে আগুনে পুড়ল তুলার গুদাম
গুদামের আশেপাশে অনেক দোকান এবং বসতঘর ছিল। তবে আগুন ছাড়ানোর আগেই নেভানো গেছে।
ঢাকার আগারগাঁও বিএনপি বস্তি এলাকায় একটি তুলার গুদাম আগুনে পুড়েছে।
রোববার রাত ১১টার পরে গুদামটিতে আগুন লাগে। আধা ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান সিকদার জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে বিএনপি বস্তি এলাকার একটি ঘর পুড়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার মো. মাহমুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে ঘরটি পুড়েছে সেটি একটি তুলার গুদাম।
আগুন লাগার পর স্থানীয়রা নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।
টিন এবং বাঁশের তৈরি ওই গুদামের আশেপাশে অনেক দোকান এবং বসতঘর ছিল। তবে আগুন ছাড়ানোর আগেই নেভানো গেছে।
“আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি হত,” বলেন পুলিশ কর্মকর্তা মাহমুদ।
তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুন কীভাবে লাগল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সম্প্রতি ঢাকায় বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে। গত ৪ এপ্রিল বঙ্গবাজার মার্কেট পুড়ে যাওয়ার ১১ দিনের মাথায় গত শনিবার অগ্নিকাণ্ড ঘটে নিউ সুপার মার্কেটে।
একের পর এক অগ্নিকাণ্ডে নাশকতার শঙ্কাও জেগে উঠেছে। তা তদন্তের কথাও বলছেন দায়িত্বশীলরা।
