ছিনতাই মামলার তদন্তে হত্যার আসামি গ্রেপ্তার
নিহত খলু মিয়া ২২ জানুয়ারি ঢাকার ধলপুর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন।
ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এক সপ্তাহ আগে ছিনতাইকারীর ছুরিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় আরেক মামলায় আটক এক যুবককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) একেএম হাফিজ আক্তার রোববার এক সংবাদ সম্মেলনে জানান, মো. আরিফ (২৮) নামের ওই যুবককে গত ২৬ জানুয়ারি এক ছিনতাই মামলায় গ্রেপ্তার করেন তারা।
“পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২২ জানুয়ারি ভোর রাতে খলু মিয়া নামে ২৮ বছর বয়সী এক যুবককে খুনের ঘটনায় সে জড়িত ছিল।”
খলু মিয়া নারায়ণগঞ্জের রূপসী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। ২২ জানুয়ারি ঢাকার গোলাপবাগ থেকে পায়ে হেঁটে ধলপুর যাওয়ার সময় হ্যাপি টাওয়ারের সামনে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।
হাফিজ আক্তার বলেন, “ওই রাতের সিসি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, খলু মিয়া হ্যাপি টাওয়ারের পাশে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দৌঁড়ে পালিয়ে যায়।”
ওই ঘটনার তদন্তের মধ্যেই ছিনতাইয়ের এক মামলায় ২৬ জানুয়ারি গ্রেপ্তার হন আরিফ। জিজ্ঞাসাবাদে ধলপুরের ঘটনার সাথে তার সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে শনিবার তাকে খলু মিয়া হত্যা গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানান অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ জানায়, সে একাধিক ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সহযোগীদের নিয়ে ঘটনার রাতে সে ছুরি হাতে ধলপুর নতুন রাস্তায় একটি ব্যাটারির দোকানের সামনে দাঁড়িয়ে ছিল।
“খলু মিয়া রাস্তা দিয়ে আসার পথে তারা তার গলায় ছুরি ধরলে সে তাদের ঠেকানোর চেষ্টা করে। তখন তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খলু মিয়ার মোবাইল ও মানিব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।”
আরিফ আদালতে দেওয়া জবানবন্দিতে তার অন্য সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
