২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৩ হবে কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের মাইলফলক: রাষ্ট্রদূত

২৫ ফেব্রুয়ারি শুরু হবে কোরিয়া সপ্তাহ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2023, 09:04 PM

Updated : 01 Feb 2023, 09:06 PM

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূ লি জাং-কুন।

বুধবার রাজধানীর বারিধারায় কোরীয় দূতাবাসে এক সংবাদ সম্মেলনে লি জাং-কুন বলেন, “আমরা এটাকে ‘মাইলফলক বছরে’ রূপান্তর করতে চাই।”

২৫ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ‘কোরিয়া সপ্তাহ’ উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।

‘স্টে স্ট্রং, মার্চ টুগেদার’ প্রতিপাদ্য সামনে রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশন, কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)।

কোরিয়া সপ্তাহের অংশ হিসাবে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হবে ৪০টি কোরীয় কোম্পানির অংশগ্রহণে ‘শোকেস কোরিয়া’ শীর্ষক কোরীয় পণ্যের প্রদর্শনী।

২৫ ফেব্রুয়ারি একই ভেন্যুতে বয়গ্রুপ ‘ট্যান’ এবং গার্লগ্রুপ ‘আইসিইউ’ পরিবেশন করবে ‘কে-পপ’ লাইভ কনসার্ট। থাকবে তায়কোয়ান্দো পারফরম্যান্স টিম ‘নলজা’র মার্শাল আর্ট প্রদর্শনী।

এরপর কুর্মিটোলা গলফ ক্লাবে ১ ও ২ মার্চ কোরিয়া কাপ গলফ টুর্নামেন্ট এবং ৩ মার্চ অ্যাওয়ার্ড শো হবে।

১৯৭২ সালের মে মাসে সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় দক্ষিণ কোরিয়া। পরের বছর সেপ্টেম্বরে ঢাকায় কনস্যুলার সেবা চালুর ধারাবাহিকতায় ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে উভয় দেশ।

গত বছর কোরিয়া ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ৩০০ কোটি ডলার ছাড়ানোর কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “কোরিয়া দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ উপলক্ষ হয়ে উঠবে শোকেস কোরিয়া।”

বাংলাদেশের দক্ষকর্মীদের কোরিয়ায় যাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে লি জাং-কুন বলেন, “সরকারি এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) মাধ্যমে কোরিয়ায় যাওয়া কর্মী ও তার পরিবার মিলে অন্তত ১২ হাজার বাংলাদেশি কোরিয়ায় রয়েছে।

“চলতি বছর আরও ৬ হাজার কর্মী যাবে কোরিয়ায়। সেই হিসাবে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০ হাজারের মতো।”

অনুষ্ঠানে কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ং ওহ ইউ বলেন, “বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং বাজারের আকার বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের নির্মাণ, প্রকৌশল, ইলেকট্রনিক্স এবং গাড়ি নির্মাণ খাতে স্যামসাং ও হুন্দাইয়ের মতো কোম্পানিগুলোকে সম্পৃক্ত করার কথা বিবেচনা করছে কোরিয়া।

“কোরিয়ান কোম্পানি স্যামসাং নরসিংদীতে একটি উৎপাদন কারখানা স্থাপন করেছে। সেখানে মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন এবং ওয়াশিং মেশিনের মতো পণ্য তৈরি হচ্ছে।”

ঢাকা ও সিউলের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, “কোরিয়া সপ্তাহ-২০২৩ শুধু কোরীয়দের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য একটি চমৎকার উৎসব হবে।

“আমাদের কোরীয় নাগরিকদের স্বপ্ন, বাংলাদেশে সরাসরি ফ্লাইট, কোরিয়ান ক্লাব এবং স্কুলসহ একটি সেন্টার চালু করা। কারণ, বাংলাদেশে কোরীয় নাগরিকদের আগমন ক্রমশ বাড়ছে।”

কোরীয় সপ্তাহে কে-পপ কনসার্ট ও মার্শাল আর্ট প্রদর্শনী দেখার জন্য নিবন্ধন করে কিনতে হবে টিকেট।

www.koreaweek2023.com ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা ও টিকেট কেনা যাবে।