২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯৯-এ ফোন: যৌনপল্লী থেকে উদ্ধার তরুণী

মেয়েটিকে এক ‘দালাল’ চক্র চাকরির ‘প্রলোভন’ দেখিয়ে দুই মাস আগে এই পল্লীতে এনে আটকে রেখেছিল বলে পুলিশের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2023, 03:22 PM

Updated : 25 Apr 2023, 07:43 PM

জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ফরিদপুরের যৌনপল্লি থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল জেলার যৌনপল্লি থেকে ১৯ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, ওই তরুণী বান্দরবানের বাসিন্দা। তাকে এক ‘দালাল’ চক্র চাকরির ‘প্রলোভন’ দেখিয়ে দুই মাস আগে এই পল্লীতে এনে আটকে রেখেছিল।

৯৯৯ এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, “যৌনপল্লীতে ইচ্ছার বিরুদ্ধে যৌন কাজ করতে বাধ্য হচ্ছিলেন মেয়েটি। এ কাজে অস্বীকৃতি জানালে মারধর করা হত তাকে।“

পুলিশের এই সদস্য জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণী ৯৯৯ এ ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানান।

“৯৯৯ কলটেকার কনস্টেবল বরকত শেখ কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলে।এরপর  ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।“

অভিভাবকরা থানায় এলে তাদের জিম্মায় মেয়েটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান পরিদর্শক সাত্তার।

তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।