২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিন: প্রবাসীদের প্রধানমন্ত্রী

বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের সেসব দেশের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।

ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিন: প্রবাসীদের প্রধানমন্ত্রী

জার্মানির মিউনিখে রোববার বিকালে ইউরোপ প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2024, 01:36 AM

Updated : 19 Feb 2024, 01:42 AM

সঠিক তথ্য তুলে ধরে দেশের সমৃদ্ধির বিরুদ্ধে চালানো সব ধরনের ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে প্রবাসী বাংলাদেশিরা জোরালো ভূমিকা রাখবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “কিছু লোক দেশের অগ্রগতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা চায় না। তারা এখন মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদের (প্রবাসী বাংলাদেশিদের) সঠিক তথ্য দিয়ে ষড়যন্ত্রের জবাব দিতে হবে।“

রোববার বিকালে জার্মানির মিউনিখে তার আবাসস্থলে ইউরোপ প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বাসস জানায়, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যেককে দেশের রাষ্ট্রদূত হিসেবে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের সেসব দেশের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে তিন দিনের সফরের শেষ দিন আওয়ামী লীগ প্রধান প্রবাসীদের বিদেশি নেতাদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতে বলেন।

Image

জার্মানির মিউনিখে রোববার বিকালে ইউরোপ প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, তার সরকার দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বেশ কয়েকটি হাই-টেক পার্ক প্রতিষ্ঠা করছে।

প্রবাসীদের বাংলাদেশে ব্যক্তিগতভাবে বা বিদেশি অংশীদারদের সঙ্গে যৌথভাবে এসব অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

সরকারপ্রধান বলেন, এভাবে প্রবাসীরা বাংলাদেশ এবং জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেন।

দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমরা তৃণমূল পর্যন্ত উন্নয়ন নিশ্চিত করেছি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং ২০২৬ সালে উন্নয়নশীল দেশ হওয়ার পথে যাত্রা শুরু করবে।

“সুতরাং, প্রবাসী বাংলাদেশিরা একটি উন্নয়নশীল দেশের দিকের যাত্রাকে মসৃণ করতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।“

শেখ হাসিনা বলেন, তার সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের পর গত ৭ জানুয়ারি বাংলাদেশে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়াসহ প্রবাসী আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

তিন দিনের সফর শেষে রোববার স্থানীয় সময় রাতে তার ঢাকার উদ্দেশে মিউনিখ ছাড়ার সূচি রয়েছে। সোমবার বেলা ১১টায় তাদের বহনকারী ফ্লাইটের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা।