১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কপ-৩১: আনতালিয়া লিডার্স সামিটে প্রধানমন্ত্রী

এ বৈঠকের পরে ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকে অংশ নেবেন তারেক রহমান।

বিশেষ প্রতিনিধি

আনতালিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 05:34 PM

Updated : 11 Nov 2026, 05:34 PM

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ এ ‘আনতালিয়া লিডার্স সামিটে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার তুরস্কের স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় আনতালিয়ার এক্সিবেশন সেন্টারে তারেক রহমান বিশ্ব নেতাদের এই সম্মেলনে যোগ দিয়েছেন বলে তথ্য দেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, “জলবায়ু সম্মেলনের পরে প্রধানমন্ত্রী দুপুরে বিশ্ব নেতাদের লিডার্স সামিটে যোগ দিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এতে অংশ নিচ্ছেন। এ বৈঠকের পরে বিকালে বিশ্ব নেতাদের ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

“আনতালিয়া লিডার্স সামিট শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন। বিশ্ব নেতারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে ছিলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ছিলেন।

এর আগে সকালে তারেক রহমান আনতালিয়ায় এক্সিভিশন সেন্টারে জলবায়ু সম্মেলনে যোগ দেন। সম্মেলনে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান, সম্মেলনের সভাপতি তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম।

হাসান শিপলু জানান, বিশ্ব নেতাদের সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রসিডেন্টে শাভকাত মিরোমোনোভিভ মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর আলাদাভাবে সাইড লাইনে বৈঠক রয়েছে।

রাতে তারেক রহমান বিশ্ব নেতাদের সন্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

গত মঙ্গলবার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে আনতালিয়ায় পৌঁছান। তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানসহ উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি প্রতিনিধি দল রয়েছে।