আনতালিয়ার পথে প্রধানমন্ত্রী
জলবায়ু সম্মেলনে বৃহস্পতিবার বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন তিনি।
একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে সরকারপ্রধান ঢাকার শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন বলে জানিয়েছেন তার উপপ্রেস সচিব হাসান শিপলু।
তিনি বলেন, “কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মাননীয় প্রধানমন্ত্রী আনতালিয়ায় যাচ্ছেন। এই সম্মেলনে তিনি ভাষণ দেবেন।
“ঢাকা থেকে ইস্তানবুলে যাত্রাবিরতি করে আনতালিয়ায় পৌঁছাবেন মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায়।”
শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম খান মিল্টন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
উপপ্রেস সচিব শিপলু বলেন, “প্রধানমন্ত্রী মঙ্গলবার আনতালিয়া পৌঁছে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী।”
সরকারপ্রধান শুক্রবার দেশে ফিরবেন বলে জানান উপপ্রেস সচিব।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী সোমবার সংবাদ সম্মেলন করে বলেন, ১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের এ সফরের শেষ দিন প্লেনারি সেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্ক সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
“পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”
