ঢাকাকে বাসযোগ্য রাখতে কার্যকর হচ্ছে নতুন ড্যাপ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, “এটি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি ২০১০ সালে পাস হওয়া ড্যাপ রহিত করা হল।”
রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখার লক্ষ্যে ভূমির সুনির্দিষ্ট ব্যবহারের মাধ্যমে দূষণ, যানজট, জলাবদ্ধতাসহ অন্যান্য নাগরিক সমস্যা নিরসনে কার্যকর হচ্ছে নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা- ড্যাপ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের ১৫৮২ বর্গকিলোমিটার এলাকায় নতুন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার দুপুরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে ২০১০ সালে পাস হওয়া আগের ড্যাপ কার্যকারিতা হারিয়েছে বলে জানানো হয়
ঢাকা মহানগর এলাকায় ড্যাপের (২০১৬–২০৩৫) খসড়া ২০২০ সালে প্রকাশ করা হয়েছিল। এরপর খসড়ার ওপর সুপারিশ ও আপত্তি দাখিল করার জন্য সবার কাছে উন্মুক্ত আহ্বান জানানো হয়।
পরে আপত্তি ও সুপারিশ বিবেচনা করে মহাপরিকল্পনাটি অনুমোদন করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, “এটি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি ২০১০ সালে পাস হওয়া ড্যাপ রহিত করা হল।
“কিন্তু প্রজ্ঞাপন প্রকাশের আগ পর্যন্ত ২০১০ সালের ড্যাপের অধীনে যেসব কাজ সম্পন্ন হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো বৈধ বলে গণ্য হবে।”
ড্যাপ পর্যালোচনায় গঠিত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলামের উদ্যোগে ২০ বছরের জন্য এই মহাপরিকল্পনাটি চূড়ান্ত করা হয়েছে।
এজন্য নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, পরিবেশবাদী বিভিন্ন সংগঠন, রিহ্যাব, বিএলডিএ, সুশীল সমাজের প্রতিনিধি, সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রদের সঙ্গে কয়েক দফা মতবিনিময় হয়।
২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত জনসাধারণের মতামত, আপত্তি ও পরামর্শের জন্য খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনার উপর গণশুনানি হয়।
গত বছর ২০ নভেম্বর ড্যাপ (২০১৬-২০৩৫) এর খসড়া পরিকল্পনার ওপর জাতীয় সেমিনার হয়। সেমিনারে পাওয়া মতামত বিবেচনায় নিয়ে খসড়া প্রতিবেদনটি পরিমার্জন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
গত বছর ৩০ ডিসেম্বর এই মহাপরিকল্পনাটি পর্যালোচনায় গঠিত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সেখানে খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনাটি চূড়ান্ত করার পক্ষে মত আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে ওইদিনের সভায় সিদ্ধান্ত হয়।
আরও খবর
