ড্যাপ বাস্তবায়ন করবে কে, এক দশক পরও প্রশ্ন
রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) গেজেট প্রকাশের পর এক দশকের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এই মহাপরিকল্পনা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ কোন সংস্থা হবে তা নিয়ে খোদ সরকারের অভ্যন্তরে এখনও মতভিন্নতা রয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নাকি সিটি করপোরেশন বা পৌরসভাগুলো মূল ভূমিকা রাখবে তা নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব।
ড্যাপের প্রেক্ষাপট-বাস্তবতা নিয়ে শনিবার এক সেমিনারে এ নিয়ে মিশ্র মতামত এসেছে। সেখানে আয়োজন রাজউক একটি খসড়া তুলে ধরে।
অংশীজনদের মতামত ও সমন্বয়ের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করে এর বস্তবায়নের কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা শুধুমাত্র ঢাকার জন্য নয়, গোটা দেশের জন্যই করা হয়েছে। সমস্ত মতামত আমলে নিয়ে সেটিকে সমন্বয় করে সবচেয়ে গ্রহণযোগ্য একটি বিশদ পরিকল্পনা প্রণয়ন করে এর বাস্তবায়ন করতে চাই।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি বলেন, ড্যাপে সিটি করপোরেশন থেকে যেসব প্রস্তাবনা দেওয়া হবে তা যেন সংযুক্ত করা হয়। ড্যাপের বাস্তবায়নের দায়িত্ব নিয়ে খসড়ায় যে সংস্থাগুলোর কথা বলা আছে, তারা আদৌ সক্ষম কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
“নারায়ণগঞ্জে যে অঞ্চলগুলো নিয়ে রাজউক কাজ করে সেখানে কিন্তু একটা দ্বৈত শাসন দেখা দিচ্ছে। রাজউক যদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ করে তবে সিটি করপোরেশনগুলো কি করবে? এটা চিন্তা করার দরকার আছে।”
স্থানীয় সরকারকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের মেয়র বলেন, রাজউক সহায়ক ভূমিকা পালন করতে পারে। কিন্তু ড্যাপ বাস্তবায়নের কাজটা জনপ্রতিনিধিদেরই করা উচিত।
গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, খসড়া অনুযায়ী রাজউক নিয়ন্ত্রকের ভূমিকায় থেকে অংশীজনদের পারস্পরিক অংশগ্রহণ ও সহযোগিতার সমন্বয় করে ড্যাপ বাস্তবায়ন করবে।
তবে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ ড্যাপ বাস্তবায়নে মূল কর্তৃপক্ষ হিসেবে সিটি করপোরেশনকে রাখার পক্ষে মত দেন।
তিনি বলেন, “পৃথিবীর সব উন্নত দেশে সিটি করপোরেশনগুলো মূখ্য ভূমিকা পালন করে আসছে। সিটি করপোরেশন মানে এই না যে, তারা শুধু ময়লা পরিষ্কার করবে বা ড্রেন পরিষ্কার করবে।
“সিটি করপোরেশনকে বাস্তবায়নকারী হিসেবে গণ্য করে ড্যাপ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে গেলে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে, তখন সেগুলো সংশোধন করে, পরিমার্জন করেই বাস্তবায়ন করতে হবে।”
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ড্যাপ বাস্তবায়নে রাজউক ও সিটি করপোরেশনগুলোর মধ্যে বাধার দেয়াল সরিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।
নগর পরিকল্পনাবিদ মো. নজরুল ইসলাম দ্রুত ড্যাপ বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়নের আগে ঢাকার স্ট্রাকচার প্ল্যান বাস্তবায়ন জরুরি। এটি পাঁচ বছর আগে খসড়া প্রস্তুত হলেও এখনও এর অনুমোদন হয়নি।
“আমরা মনে করি বাস্তবায়ন প্রক্রিয়ায় স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের থাকা উচিত। অবশ্যই রাজউক সেই সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি।”
স্থপতি ইকবাল হাবিব বলেন, পেশাজীবীদের মতামত নিয়ে ত্রিমাত্রিক বিশেষজ্ঞদের সমীক্ষার পর উচ্চ আদালতের নির্দেশনাগুলো অন্তর্ভুক্ত করে যথাযথ পরিকল্পনা প্রণয়ন করা উচিত।
ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম বলেন, “২০৩৫-এ ঢাকা কোন পর্যায়ে যেতে পারে সেটা বিবেচনা করে প্ল্যান সাজিয়েছি। কোনো এলাকায় যেন সুযোগ-সুবিধার তুলনায় অধিক জনবসতি তৈরি না হয় সেজন্য আমাদের পরিকল্পনায় রাস্তার প্রশস্তের আলোকে ভবনের উচ্চতা নির্ধারণ করা হয়েছে।
“মানুষের হেঁটে যাতায়াতের সুযোগ, নৌপথকে কাজে লাগানোর সুযোগকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবেশকে প্রাধান্য দিয়ে উন্নয়নকে এবারের ড্যাপে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, “আসল চ্যালেঞ্জটা হচ্ছে বাস্তবায়নে। তবে সবার সহযোগিতায় এটা বাস্তবায়ন সম্ভব। মন্ত্রী বলেছেন ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে পারবেন। এর বেশি যেন দেরি না হয়।”
রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে ১৯৯৬ সালে ড্যাপ প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। ২০১০ সালের ২২ জুলাই গেজেট আকারে এটি প্রকাশ করা হয়।
এতে নানা অসঙ্গতি নিয়ে আলোচনায় আসার ১০ বছর পর গত ড্যাপ পর্যালোচনায় সরকার মন্ত্রিসভা কমিটি পুর্নগঠন করে। এটি ডিসেম্বরের মধ্যে ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।
এর মধ্যে শনিবার এক সেমিনারে ড্যাপের খসড়া তুলে ধরে রাজউক।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম , আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) সেখানে বক্তব্য দেন।
