নতুন ড্যাপে ভবনের আয়তন কমবে, বাড়বে দাম: রিহ্যাব
প্রস্তাবিত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও সংশ্লিষ্ট খসড়া ইমারত নির্মাণ বিধিমালা ২০২১ বাস্তবায়িত হলে নতুন ভবনের আয়তন অনেক কমে যাবে; এতে ফ্ল্যাটের দাম বাড়বে বলে দাবি করেছে রিহ্যাব।
রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) এমন দাবি করেন।
তিনি বলেন, নতুন ড্যাপ অনুমোদন করা হলে বর্তমানে একটি ভবন নির্মাণের ক্ষেত্রে যে আয়তনের অনুমোদন দেওয়া হচ্ছে, তা থেকে কমপক্ষে ৩৩-৫৩ শতাংশ আয়তন কমে যাবে।
“নতুন নীতিমালার ফলে বেড়ে যাবে ফ্ল্যাটের দাম, অধরা থেকে যাবে নাগরিকদের মৌলিক অধিকার বাসস্থানের স্বপ্ন। ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ক্রেতা ও জমির মালিকসহ আবাসন ব্যবসায়ীরা।“
আগামী ডিসেম্বরের মধ্যেই প্রস্তাবিত ড্যাপ (২০১৬-৩৫) চূড়ান্ত করার কথা জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। বিশদ এ পরিকল্পনায় ঢাকা শহরের ভেতরে ভবন নির্মাণের ক্ষেত্রে উচ্চতার সীমা কমিয়ে আনা ও আরও বেশি খোলা জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ভবিষ্যতের কথা ভেবে রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে ড্যাপ প্রণয়ন করছে রাজউক।
১৯৯২ সালে সরকারের নেওয়া মহাপরিকল্পনা অনুযায়ী ১৯৯৫ সালে ঢাকা মহানগরী উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ড্যাপ প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। ২০১০ সালের ২২ জুলাই গেজেট আকারে এটি প্রকাশ করা হয়।
এরপর বিশদ এ পরিকল্পনায় নানা অসঙ্গতির বিষয়টি আলোচনায় আসে। বিভিন্ন মহল থেকে এটি বাস্তবায়ন নিয়ে আপত্তি তোলা হয়।
সর্বশেষ ২০২০ সালের ২৮ অক্টোবর আরও বিস্তারিতভাবে ড্যাপ এর পর্যালোচনায় সরকার এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুর্নগঠন করে। কমিটি এখন এ নিয়ে কাজ করছে এবং ডিসেম্বরের মধ্যে ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।
রোববার প্রস্তাবিত ড্যাপ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকে রিহ্যাব।
অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে রিহ্যাব সভাপতি বলেন, “নির্মিতব্য ভবনের জন্য কমন ফ্যাসিলিটি, দাপ্তরিক ও অন্যান্য প্রকল্প সংশ্লিষ্ট ব্যয় একই থাকার কারণে ফ্ল্যাটের মূল্য ন্যূনতম ৫০% বাড়বে। যার ফলশ্রুতিতে ক্রেতাদের ক্রয় ক্ষমতা যৌক্তিকভাবে কমে যাবে এবং ‘আবাসন’ সমস্যা সমাধানের প্রচেষ্টা ব্যহত হবে।
“এছাড়া ব্যাপকভাবে ভবনের আয়তন হ্রাসের ফলে সিরামিক, টাইলস, ইলেকট্রিক কেবল, রড ও সিমেন্ট খাত, পাথর, বালি, পেইন্ট ইন্ডাস্ট্রিজসহ ২৬৯টি লিংকেজ ইন্ডাস্ট্রিজ গভীর সংকটে পড়বে।“
উদাহরণ দিয়ে রিহ্যাব সভাপতি বলেন, এতদিন ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ অনুযায়ী ২০ ফুট রাস্তা সংলগ্ন ৫ কাঠা জমিতে সর্বনিম্ন গ্রাউন্ডফ্লোরসহ ৮ তলা ফ্লোর বিশিষ্ট ভবনে মোট সাড়ে ১৩ হাজার বর্গফুট নির্মাণের অনুমতি পাওয়া যায়।
প্রস্তাবিত বিধিমালায় ৫ তলা ফ্লোর বিশিষ্ট মোট ৯ হাজার বর্গফুট ভবন নির্মাণের অনুমতি পাওয়া যাবে। ২০ ফুট এর চেয়ে ছোট রাস্তার ক্ষেত্রে নির্মিতব্য ভবনের উচ্চতা ৩/৪ তলার বেশি হবে না এবং আয়তন উদ্বেগজনকভাবে হ্রাস পাবে। এরূপ চিত্র প্রায় প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে বলে তিনি উল্লেখ করেন।
প্রস্তাবিত বিধির নির্দেশনার কারণে জমির মালিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেবে উল্লেখ করে তার দাবি, “নির্মাণযোগ্য ফ্ল্যাট সংখ্যা কমে আসার কারণে বাসা ভাড়া সীমাহীনভাবে বৃদ্ধি পাবে এবং বিভিন্ন স্থানে সাবলেট সংখ্যা বৃদ্ধি পাবে, যা নগরীতে একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করবে।“
সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতির পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সহসভাপতি (ফিন্যান্স) মোহাম্মদ সোহেল রানা।
এসময় প্রথম সহসভাপতি কামাল মাহমুদ, সহসভাপতি নজরুল ইসলাম (দুলাল) ও শরীফ আলী খানসহ অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।
