ঢাকার সমস্যার সমাধান ‘পুবমুখী সম্প্রসারণ’
জলাবদ্ধতা, যানজট ও বিশৃঙ্খলা- এই তিনটি সমস্যা থেকে ঢাকাকে রক্ষায় নগরীর পূর্বমুখী সম্প্রসারণের পরামর্শ দিয়েছে বিশ্ব ব্যাংক।
চারশ বছরের পুরনো বাংলাদেশের রাজধানী শহরটিকে বাঁচাতে ‘টোয়ার্ডস গ্রেট ঢাকা’ শীর্ষক এক প্রতিবেদনে এই সুপারিশ করেছে বিশ্ব সংস্থাটি।
বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে বিশ্ব ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রমা।
তিনি চীনের সাংহাই-পুদং শহরের উন্নয়নকে অনুসরণ করে ঢাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার উপর গুরুত্ব দিয়েছেন।
ঢাকাকে পরিকল্পিতভাবে পূর্ব দিকে সম্প্রসারণের পরামর্শ রেখে মার্টিন রমা বলেন, বালু নদীর পাড়ে বাঁধ নির্মাণের মাধ্যমে এ উন্নয়ন শুরু করতে হবে। এমন পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে যাতে সমন্বিতভাবে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি বৃষ্টি ও নদীর পানি সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা যায়।
“পূর্ব ঢাকাকে তার নিজস্ব ধরন অনুযায়ী উন্নয়ন কৌশল নিতে হবে, যাতে মূল ঢাকার জলাবদ্ধতা, যানজট ও বিশৃঙ্খলা কমনো যায়।”
এই উন্নয়ন কৌশলে পূর্ব ঢাকার সঙ্গে পশ্চিম ঢাকার সড়কসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা সমন্বয় করে পশ্চিম ঢাকার যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।
বিশ্ব ব্যাংকের অর্থনীতিবিদ বলেন, এই উন্নয়ন কৌশলে পূর্ব ঢাকার সঙ্গে সিলেট, চট্টগ্রাম ও পদ্মা সেতুর সড়ক এসে মিলিত হবে। এছাড়াও দেশের বেশিরভাগ জেলা সড়কগুলোও পূর্ব ঢাকায় এসে মিশবে। এর মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তুলে যানজট কমিয়ে আনা সম্ভব।
ঢাকার নিত্যসঙ্গী এই যানজট
বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান বলেন, “মেগাসিটি ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলা একটি চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অবশ্যই ঢাকাকে পূর্ব দিকে সম্প্রসারণ করতে হবে। তাহলেই একমাত্র যানজট ও জলাবদ্ধতা দূরীকরণ করা সম্ভব।”
খরচের হিসাব দিয়ে মার্টিন রমা বলেন, পূর্ব ঢাকার উন্নয়নে বালু নদীর বাঁধ নির্মাণসহ পুরো অবকাঠামো উন্নয়নের জন্য মোট এক হাজার থেকে এক হাজার দুইশ কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে।
কিন্তু এই খরচ করে লাভের অঙ্কও দেখান তিনি।
“এভাবে ঢাকা একটি বিশ্বমানের শহর হওয়ার পাশাপাশি বাংলাদেশের জন্য আরও বড় অর্থনৈতিক চালিকাশক্তি হয়ে উঠবে। এই কৌশলে ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশে মাথাপিছু আয় ৯ হাজার ২০০ ডলারে উন্নীত হবে।”
তিনি বলেন, “রাতের ঢাকায় যত বৈদ্যুতিক আলো জ্বলে তা দিয়ে বোঝা যায় সঠিক পরিকল্পনা দিয়ে ঢাকার উন্নয়ন করা গেলে এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১২ শতাংশ গতে পারে।”
ঢাকার পূর্বাঞ্চলের পূর্বাচলে চলছে নির্মাণযজ্ঞ
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন ঢাকার পূবাঞ্চলের উন্নয়নে সরকারের গুরুত্ব দেওয়ার কথা বলেন।
“পূর্বাচলকে পরিকল্পিতভাবে উন্নয়নের জন্য আমরা ইতোমধ্যেই অনেক কার্যক্রমের বাস্তবায়ন শুরু করেছি।”
হাতিরঝিল প্রকল্পকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে তিনি বলেন, “আমরা আমূল পরিবর্তন করে একটি বাসযোগ্য ঢাকা গড়তে চাই।”
‘টোয়ার্ডস গ্রেট ঢাকা’ প্রতিবেদনটি পূর্ব ঢাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, “পূর্বাচলের উন্নয়নের সঙ্গে মিলিয়ে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধন করা হচ্ছে। ওই পরিকল্পনা অনুযায়ী ঢাকাকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি উন্নত নগরী হিসেবে গড়ে তোলা হবে।”
ঢাকার উন্নয়নে বিনিয়োগ ‘সমস্যা নয়’ উল্লেখ করে চিমিয়াও ফান বলেন, “এজন্য ১০ থেকে ১৫ বিলিয়ন ডলারের যে বিনিয়োগ দরকার, তা বাংলাদেশের জন্য কোনো সমস্যা নয়। আমি মনে করি, বিশ্ব ব্যাংক, এডিবি এবং জাইকাসহ আরও যারা কাজ করে তারা সবাই অর্থায়ন করতে রাজি হবে।”
অনুষ্ঠানে স্থপতি ইকবাল হাবিব বলেন, সরকারের সদিচ্ছা থাকলে উন্নয়ন যে কোনো বিষয় নয়, এটা বর্তমান সরকার প্রমাণ করেছে হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে।
তিনি বলেন, “এ প্রকল্পটির জন্য ৬৯টি মামলা হয়েছিল। এসব মামলা মোকাবেলা করে শেষ পর্যন্ত এ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।”
ঢাকার হাতিরঝিল প্রকল্প
ইকবাল হাবিব বলেন, “চাইলে পূর্বাচলেও পরিকল্পিত উন্নয়ন কৌশল নিয়ে বাস্তবায়নের মাধ্যমে ঢাকাকে আধুনিক ও বিশ্বমানের শহর হিসেব গড়ে তুলতে পারে।”
ঢাকাকে বাঁচানোর জন্য এটাই ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেন তিনি।
ইকবাল হাবিব বলেন, “আগে আমরা অনেক ভুল করেছি। … রাজউক পরিকল্পনার অভাবে ব্যর্থ হয়েছে। এখন আমাদের নিজস্ব উন্নয়ন কৌশলের সঙ্গে মিলিয়ে অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে পারলেই আমরা ঢাকাকে বাচাঁতে পারব।”
ঢাকার পূবের উন্নয়নে অর্থনৈতিক সম্ভাবনার দিকটি নিয়ে বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন্থনি ভেনাবলস।
“পূর্ব ঢাকা সম্প্রসারণের জন্য যে পরিমাণ অবকাঠামো তৈরি করতে হবে তাতে অতিরিক্ত ১৮ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এসব অবকাঠামো এদেশের অর্থনীতিতে বিনিয়োগে দারুণ প্রভাব ফেলবে।”
অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানও বক্তব্য রাখেন।
