২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি হিসাবে সংসদে শেষ ভাষণ দিলেন মো. আবদুল হামিদ।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সংসদে বছরের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 07:33 PM

Updated : 05 Jan 2023, 07:33 PM

নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার সংসদে বছরের প্রথম অধিবেশনে ভাষণে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি হিসেবে এটাই সংসদে তার সর্বশেষ ভাষণ। দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর আগামী এপ্রিলে বিদায় নেবেন তিনি।

এটি চলমান একাদশ সংসদের একবিংশতম অধিবেশন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকালে সংসদের বৈঠক বসে। অধিবেশনের শুরুতেই সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি।

পুরনো খবর:

রাষ্ট্রপতি নির্বাচন নির্ধারিত সময়েই: আইনমন্ত্রী
Image

স্পিকার হিসেবে দীর্ঘদিন সংসদে ছিলেন মো. আবদুল হামিদ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দেওয়ার পর সংসদ লাউঞ্জে সাংবাদিকদের দেখা দেন তিনি

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন আবদুল হামিদ। বিরাজমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি।

সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে আবদুল হামিদ বলেন, “জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ আমরা অতিবাহিত করছি। ২০২২ সাল আমাদের জন্য ছিল চ্যালেঞ্জের একটি বছর। সমগ্র বিশ্বই পার করছে এক কঠিন সময়। করোনা অতিমারি আমরা সফলভাবে মোকাবেলা করে অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সক্ষম হলেও রাশিয়া এবং ইউক্রেইনের যুদ্ধ আমাদের এই অগ্রযাত্রাকে শ্লথ করেছে।”

তারপরও ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বাজেটের আকার ১৪ শতাংশ বেড়ে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকায় উন্নীত হওয়ার কথা বলেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পটভূমি তুলে ধরে আবদুল হামিদ বলেন, স্বাধীন সার্বভৌম এ দেশে জনগণই সকল ক্ষমতার উৎস এবং তাদের সকল প্রত্যাশার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া আমাদের পবিত্র কর্তব্য।

“দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণভাবে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

Image

সংসদ অধিবেশনে সংসদ নেতা শেখ হাসিনাসহ সদস্যরা

পুরনো খবর:

সংসদের একবিংশতম অধিবেশন শুরু, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

সংসদ সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, “আপনারা জনপ্রতিনিধি, তাই জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে।

“দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে মুক্তিযুদ্ধের চেতনা আর জাতির পিতার আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে জাতি এগিয়ে যাক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, আত্মমর্যাদাশীল বঙ্গবন্ধুর সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার পথে।”

সরকারের যুগোপযোগী ও নারীবান্ধব কর্মসূচি গ্রহণের ফলে বাংলাদেশের নারীরা দেশে-বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে বলেও ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, “করোনার অভিঘাত মোকাবেলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়নের ফলে অর্থনীতিতে গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে।

“বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা সত্ত্বেও দেশের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত রয়েছে এবং বর্তমানে দেশে খাদ্যশস্য মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৪ লাখ মেট্রিক টন, যা সন্তোষজনক। এছাড়া এবারে দেশব্যাপী আমন ধানের বাম্পার ফলন হয়েছে।”

অর্থনৈতিক উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যও ভাষণে তুলে ধরেন রাষ্ট্রপতি।

দ্বিতীয় মেয়াদে ২০০৯ থেকে স্পিকারের দায়িত্ব পালনের পর ২০১৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। এরপর রাষ্ট্রপ্রধানের পদে পুনর্নির্বাচিত হন তিনি।