সেনাপ্রধানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান আইএসপিআরের
এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে, বলা হয় বিবৃতিতে।
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার এক বিবৃতিতে আইএসপিআর এ আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে।"
মূলত এসব তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিবৃতিতে তুলে ধরা হয়েছে।
এ ধরনের ‘বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারে প্রভাবিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আইএসপিআর বলেছে, "সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক আস্থা, ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা ঐক্যবদ্ধ এবং দেশ ও জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ।"
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের ক্ষেত্রে আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণ করার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।
