হরতালের আগের রাতে যাত্রাবাড়ীতে বাসে আগুন
রাইদা পরিবহনের বাসটিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন দেওয়া হয়।
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস জানাচ্ছে, বুধবার সন্ধ্যায় ওই বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, “যাত্রাবাড়ী ফ্লাইওভারের নীচে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
“পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভায়।”
ফায়ার সার্ভিসের হিসেবে, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২১৭টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এর মধ্যে রয়েছে ১৩৫টি বাস, ৩৭টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ৮টি মোটর সাইকেল, ২টি প্রাইভেট কার, ৩টি করে মাইক্রোবাস, পিকআপ, সিএনজি ও লেগুনা এবং ফায়ার সার্ভিসের একটি গাড়ি, পুলিশের একটি ও একটি অ্যাম্বুলেন্স।
