টাঙ্গাইলের ফারুক হত্যা মামলা ৬ মাসে নিষ্পত্তির নির্দেশ
২০১৩ সালে টাঙ্গাইলের কলেজপাড়ায় নিজের বাসার কাছ থেকে ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছিল পুলিশ।
নয় বছর আগে টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এ মামলার আসামি টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তির জামিন আবেদন খারিজের সিদ্ধান্ত বহাল রেখে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
এদিন সহিদুর রহমানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। সঙ্গে ছিলেন আশরাফুল ইসলাম।
এই মামলায় ২০২০ সালের ২ ডিসেম্বর টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন সহিদুর রহমান খান। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়।
চলতি বছরের ১৯ জুলাই এ আসামির জামিন আবেদন খারিজ করে দেন বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাই কোর্ট বেঞ্চ।
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য। ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইলের কলেজপাড়া বাসার কাছ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ২০১৪ সালের অগাস্টে আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আদালতে তাদের দেওয়া স্বীকারোক্তিতে এ হত্যাকাণ্ডে তৎকালীন সাংসদ আমানুর রহমান খান, তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ও ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি সানিয়াত খানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।
২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশ এই মামলার অভিযোগপত্র দিয়েছে।
আরও খবর-
