ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ি কয়লাখনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছিলো বলে উইকিলিকসের ফাঁস করা গোপন নথিতে বলা হয়েছে।
উইকিলিকসের ফাঁস করা গোপন নথির ভিত্তিতে বৃটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাস্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
"বৈঠকে বৃটিশ প্রতিষ্ঠান গ্লোবাল কোল মাইনিং ম্যানেজমেন্টকে ফুলবাড়িতে কয়লা উত্তোলনের অনুমতি দিতে বলেন মরিয়ার্টি।"
২০০৬ সালের ২৬ অগাস্ট ফুলবাড়িতে এশিয়া এনার্জির কয়লা প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভের মুখে সেনাদের গুলিতে তিনজন নিহত ও অসংখ্য আহত হয়।
এশিয়া এনার্জিরই পরিবর্তিত নাম গ্লোবাল কোল ম্যানেজম্যান্ট।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, "গত বছরের জুলাই মাসে পাঠানো এক তারবার্তায় মরিয়ার্টি জানান, 'ফুলবাড়ি কয়লা খনিতে সম্পৃক্ত এশিয়া এনার্জির ৬০ ভাগ বিনিয়োগ মার্কিন'।"
মরিয়ার্টি বলেন, "এশিয়া এনার্জির কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এ প্রকল্প সরকারের অনুমোদন পাবে বলে তারা আশাবাদী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৬৪৩ ঘ.
bdnews24