২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে দুর্ঘটনায় গাড়ি, কাচ ভেঙে চালকের মরদেহ উদ্ধার

নিহত শাহজাহান ছিলেন এবি ব্যাংকের গাড়িচালক। কর্মকর্তাদের আনা-নেওয়া জন্য তিনি সকালে বের হয়েছিলেন।

মোহাম্মদপুরে দুর্ঘটনায় গাড়ি, কাচ ভেঙে চালকের মরদেহ উদ্ধার

চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 01:31 PM

Updated : 11 May 2023, 03:57 PM

রাজধানীর মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় দুর্ঘটনায় পড়া একটি প্রাইভেট কার থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় মোহাম্মদ শাহজাহান নামের ৫৭ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।

তিনি জানান, চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় লোকজন ডাকাডাকি করে চালকের সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। গাড়িটি তখনও চালু অবস্থায় ছিল।

“আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে গাড়ির কাচ ভেঙে চালককে উদ্ধার করে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

গাড়ির ভেতরে পাওয়া কাগজপত্র এবং পরিচয়পত্র অনুযায়ী তাকে শনাক্ত করা হয় জানিয়ে ওসি বলেন, “শাহজাহান বেসরকারি এবি ব্যাংকের গাড়িচালক ছিলেন। ব্যাংকের কর্মকর্তাদের আনা-নেওয়া জন্য তিনি সকালে বের হয়েছিলেন।”