২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ঢাকার চেয়ে বাইরের হাসপাতালে ৩ গুণের বেশি রোগী ভর্তি

সবশেষ ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগ নিয়ে এ বছর রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৮৬৪ জন; মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫ জনের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 07:51 PM

Updated : 05 Oct 2023, 07:51 PM

ডেঙ্গুর প্রকোপ বিস্তারের মধ্যে দেশে গত এক দিনে এ রোগ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬১৭ জন; এর মধ্যে ঢাকায় ৬৩৩ জন এবং বাইরের হাসপাতালগুলোতে ১৯৮৪ জন। এসময়ে মারা গেছেন আরও ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টাতেও ঢাকার চেয়ে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা অনেক বেশি।

সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের নিয়ে এ বছর মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৮৬৪ জনে। এ বছর মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫ জনের।

এখন পর্যন্ত দেশজুড়ে হাসপাতালগুলোতে যত রোগী ভর্তি হয়েছেন তাদের মধ্যে ঢাকায় ৮৬ হাজার ৪৯৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ৩০ হাজার ৩৭১ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ২৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ২৯৭১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬২৯৪ জন।

এখন পর্যন্ত মাসের হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং কম ভর্তি হয়েছেন মার্চে ১১১ জন। অক্টোবরের চার দিনে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৪৫৮ জন।

অপরদিকে একক মাসে সবচেয়ে বেশি মারা গেছেন সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং মার্চে কারও মৃত্যু হয়নি। কম মৃত্যু হয়েছে এপ্রিল ও জুনে ২ জন করে। আর অক্টোবরের প্রথম চার দিনে মারা গেছেন ৬৬ জন।