স্কুলছাত্র আলী হোসেনের মৃত্যু: মাইক্রোবাস চালক রিমান্ডে
সোমবার আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে ওই চালককে গ্রেপ্তার করা হয়।
ঢাকার তেজগাঁওয়ে মাইক্রোবাসের ধাক্কায় স্কুলছাত্র আলী হোসেনের মৃত্যুর ঘটনায় চালক জিয়াউল হককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম তামান্না ফারাহ মঙ্গলবার আসামি জিয়াউলকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মণ্ডল জানান।
সড়ক পরিবহন আইনের ৯৮ এবং ১০৫ ধারায় দায়ের করা এ মামলায় জিয়াউলকে ১০ দিনের রিমান্ডে চেয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই শামসুল হক খান।
রিমান্ড আবেদনে বলা হয়, দুর্ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া জরুরি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার সকালে তেজগাঁওয়ে বিজিপ্রেসের পূর্বপাশে মাইক্রোবাসের ধাক্কায় আলী হোসেন নামে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র গুরুতর আহত হয়।
এ সময় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় মামলা হওয়ার পর সোমবার আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে জিয়াউলকে গ্রেপ্তার করা হয়। সে সময় মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ।
এদিকে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা সোমবার ফার্মগেইট ও বিজয় সরণি এলাকায় বিক্ষোভ করে এবং নিরাপদ সড়কের দাবি তুলে ধরে।
আরও পড়ুন
