২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারিচালিত রিকশা চলতে বাধা, ধানমণ্ডিতে পুলিশ বক্সে হামলা

পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2024, 08:26 PM

Updated : 02 Jan 2024, 08:26 PM

ব্যাটারিচালিত রিকশা চালানোয় বাধা পেয়ে রাজধানীর ধানমণ্ডি সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন চালকরা।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে ওই হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে।

ধানমণ্ডি থানার ওসি পারভেজ ইসলাম বলেন, “বিকালে ধানমণ্ডির প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চালাতে বাধা দেওয়ায় তারা সংঘবদ্ধ হয়ে পুলিশ বক্সে হামলা করে।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের ট্রাফিক সার্জেন্টসহ দুজন সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, “নিয়ম অনুযায়ী এ ধরনের ব্যাটারিচালিত রিকশা প্রধান সড়কে চলার কথা নয়। যে কারণে ওইসব অটোরিকশা বাধা দিলে তারা এ ঘটনা ঘটায়। পুলিশ ৩ জনকে আটক করেছে।”

এর আগে গত ১৮ ডিসেম্বর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায়  ট্রাফিক পুলিশের বক্সে হামলার ঘটনা ঘটে।

এছাড়া গত বছরের ১৪ অক্টোবর ঢাকার মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশার চালকরা হামলা চালিয়েছিল।