১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালত চত্বরে বোমাবাজি: এক নারীর জবানবন্দি

এর আগে রিমান্ডে ছিলেন এ আসামি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 11:00 PM

Updated : 30 Nov 2023, 11:00 PM

বিএনপির ডাকে হরতালের মধ্যে ঢাকার আদালত চত্বরে বোমাবাজির ঘটনায় হাফসা আক্তার পুতুল নামে এক নারী আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার এসআই আশ্রাফ জানান, তিন দিনের রিমান্ড শেষে এদিন ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই বিল্লাল হোসেন জনি।  পরে জবানবন্দি রেকর্ড করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত ২০ নভেম্বর বিএনপির হরতালের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন কোতয়ালী থানার এসআই কামরুল হোসেন।

এজাহারে বলা হয়, আইনজীবী ও আদালতে আসা বিচারপ্রার্থীদের ‘জীবন ও সম্পত্তির গুরুতর ক্ষতিসাধনে’ ককটেল বিস্ফোরণ ঘটায় নাশকতাকারীরা। এতে আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ বিচার কার্যক্রম বিঘ্নিত হয়।

সিসিটিভি ভিডিওর বরাতে মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন জানিয়েছিলেন, চারতলা থেকে ককটেল সদৃশ বস্তু নিচে ফেলতে দেখা গেছে। এ সময় সেখানে ছিলেন এক নারী ও এক পুরুষ। পরে তারা দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন।

পুরানো খবর:

আদালত চত্বরে বোমাবাজির ঘটনায় মামলা

পুরানো খবর:

আদালত চত্বরে বোমাবাজির পেছনে দুজন

পুরানো খবর:

হরতালের মধ্যে জজ আদালত চত্বরে বোমাবাজি