অব্যবহৃত ও আংশিক ব্যবহৃত দাখিলা বই প্রত্যাহারের নির্দেশ
প্রতারণা ঠেকাতে এই নির্দেশনা।
পহেলা বৈশাখ থেকে 'ক্যাশলেস' ভূমি উন্নয়ন কর ব্যবস্থা সফলভাবে কার্যকর করার জন্য মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
নির্বিঘ্নে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য ৭ কার্যদিনের মধ্যে যেন ভূমি মালিক হোল্ডিং রিপোর্ট পান তা নিশ্চিত করতে বলা হয়েছে পরিপত্রে।
ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধু ব্যক্তিরা যেন প্রতারণামূলক কাজে লিপ্ত হতে না পারে, সেজন্য পহেলা বৈশাখের পর ৭ কার্যদিবসের মধ্যে ভূমি অফিসে সংরক্ষিত অব্যবহৃত ও আংশিক ব্যবহৃত সকল দাখিলা বই প্রত্যাহার করারও নির্দেশ দেওয়া হয়েছে পরিপত্রে।
ভূমি সচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত ‘অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় বিষয়ক নির্দেশাবলী’ শীর্ষক পরিপত্রটিতে মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের জন্য আরও যেসব বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা আছে তা হচ্ছে-
>> নাবালক ও প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র না থাকলে করণীয়।
>> খতিয়ানের রেকর্ডীয় মালিকের নাম জাতীয় পরিচয়পত্রের নামের সাথে মিল না থাকলে করণীয়।
>> নারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে পিতার নাম ও রেকর্ডে স্বামীর নাম থাকলে করণীয়।
>> মালিকের নামে ভূমি উন্নয়ন কর আদায়, ব্যক্তির ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায়।
>> জমির ব্যবহারভিত্তিক ভূমি উন্নয়ন কর আদায়, অগ্রিম ভূমি উন্নয়ন কর আদায়, সংস্থার ক্ষেত্রে আংশিক ভূমি উন্নয়ন কর আদায়, মওকুফ দাখিলা বিষয় ইত্যাদি।
