কানের ওপর চাপ ছাড়া গান শোনার সুযোগ দেবে স্যামসাংয়ের এই বাডস
এ ইয়ারবাডসে একবার পূর্ণ চার্জে টানা ৯.৫ ঘণ্টা মিউজিক প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে। চার্জিং কেসসহ এই ব্যাটারি লাইফ পৌঁছাবে প্রায় ৩৮ ঘণ্টায়।
সনি, বোস ও জেনহাইজারের মতো প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর ওপেন-ইয়ার ইয়ারবাডসের ভিড়ে নিজেদের নতুন পদক্ষেপ হিসেবে নতুন প্রযুক্তি ইয়ারবাডস উন্মোচন করেছে স্যামসাং।
কানে আরও ভালোভাবে আটকে থাকার সুবিধার্থে ‘গ্যালাক্সি বাডস অন’ নামের এ ইয়ারবাডসে ব্যবহৃত হয়েছে ক্লিপ-অন ডিজাইন।
নতুন বাডসে ‘গ্যালাক্সি বাডস ৪ প্রো’র মতো উচ্চমানের নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি না থাকলেও স্যাসমাং দাবি করেছে, এতে ব্যবহৃত নতুন ‘অডিও লিকেজ রিডাকশন’ প্রযুক্তি, যা শব্দ বাইরে ছড়ানো ঠেকাবে।
প্রতিটি বাডের পিছনের অংশে তৈরি বিপরীত শব্দ তরঙ্গকে কাজে লাগিয়ে আশপাশের শব্দ বাতিলের ব্যবস্থা করা হয়েছে এতে।
স্যামসাং বলেছে, বিভিন্ন আকৃতি ও আকারের কানে নিখুঁত ফিটিং নিশ্চিতে প্রায় ১১ কোটি ৯০ লাখ কানের স্ক্যান ডেটা বিশ্লেষণ করে গ্যালাক্সি বাডস অন তৈরি করেছে তারা। পানি ও ধুলাবালি প্রতিরোধে এতে রয়েছে আইপি৫৪ রেটিং।
ট্রু ওয়ারলেস হেডফোনগুলোর মতো কানের নালিতে চাপ তৈরি না করে, বরং কানের আশপাশে হালকা বা কম চাপে আটকে থাকার মতো করে এগুলো ডিজাইন করেছে স্যামসাং। কারণ, অনেকে এ ধানের বাডসে চান।
ওপেন-টাইপ ডিজাইনে স্যামসাংয়ের এটাই প্রথম প্রয়াস নয়। এর আগে, উন্মোচিত গ্যালাক্সি বাডস লাইভ ব্যবহারকারীদের কাছে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
এ বছরের শুরুতে বাজারে আসা তুলনামূলক উন্নত ‘গ্যালাক্সি বাডস ৪’-এ অ্যাপলের সাম্প্রতিক এয়ারপডসের মতো ওপেন-টাইপ বা সেমি-ইন-ইয়ার প্রোফাইল রাখা হয়েছিল।
বিদ্যুৎ খরচ ও জোরালো শব্দের নিখুঁত ভারসাম্য ধরে রাখতে নতুন গ্যালাক্সি বাডস অন-এ যোগ হয়েছে উচ্চ সক্ষমতার ‘ক্লাস-ডি’ অ্যাম্পলিফায়ার।
একবার পূর্ণ চার্জে টানা ৯.৫ ঘণ্টা মিউজিক প্লেব্যাক সুবিধা পাওয়া যাবে। চার্জিং কেসসহ এই ব্যাটারি লাইফ পৌঁছাবে প্রায় ৩৮ ঘণ্টায়।
কলের ক্ষেত্রে ব্যবহারকারীর গলার আওয়াজ স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে ও আশপাশের শোরগোল কমাতে এতে ব্যবহৃত হয়েছে তিনটি মাইক্রোফোন ও একটি ভয়েস পিকআপ ইউনিট বা ভিপিইউ, যা কথা বলার সময় কণ্ঠনালির কম্পন শনাক্ত করবে।
নির্মাণকাজের শব্দ ও গাড়ির হর্নের মতো নানা ধরনের পারিপার্শ্বিক গোলমাল কমানোর প্রশিক্ষণ দেওয়া বিশেষ অ্যালগরিদম ব্যবহৃত হয়েছে এই ইয়ারবাডসে।
এ ছাড়া, ইয়ারবাডসে রয়েছে মাথা নাড়ানোর মাধ্যমে নির্দেশ দেওয়ার সুবিধা। কল রিসিভ বা কেটে দেওয়ার পাশাপাশি অ্যালার্ম বন্ধ ও নোটিফিকেশন পড়া বাতিল করতে ব্যবহারকারী কেবল মাথা উপর-নিচে বা ডানে-বামে নাড়লেই চলবে।
গ্যালাক্সি স্মার্টফোনের বিভিন্ন ফিচার, যেমন জেমিনাই লাইভ, কুইক ভয়েস মেমো রেকর্ডিং সুবিধা ব্যবহারের পাশাপাশি কেসটি খোলামাত্রই তা গ্যালাক্সি ফোনে দ্রুত কানেক্ট হয়ে যাবে।
নভেম্বরের শুরুতে বাজারে আসবে গ্যালাক্সি বাডস অন, যার দাম নির্ধারিত হয়েছে ২২৯ ডলার।
