বিশ্ববিদ্যালয় ছাত্রীর ‘আত্মহত্যা’: রিমান্ড শেষে বাবা কারাগারে
পুলিশ জানায়, সেই বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে মেয়েটি মৃত্যুর জন্য বাবাকে দায়ী করেন।
রাজধানীর দক্ষিণখানে ছাদ থেকে ‘লাফিয়ে’ ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনা মামলায় তার বাবাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন এক দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই ফরিদ মিয়া জানান, আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে ‘লাফিয়ে পড়েন’ ২১ বছর বয়সী ওই শিক্ষার্থী। পরে ৩১ অগাস্ট ময়মনসিংহের গফরগাঁও থেকে তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারের পরদিন তাকে এক দিনের রিমান্ডে পায় পুলিশ।
ঘটনার পর দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া জানিয়েছিলেন, যে ভবন থেকে মেয়েটি লাফ দিয়েছিলেন, সেই বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে মেয়েটি মৃত্যুর জন্য বাবাকে দায়ী করেন।
পুলিশ জানায়, মেয়েটির বাবার গাড়ি ভাড়ার ব্যবসা (রেন্ট এ কার) আছে। স্ত্রীর পৈত্রিক সূত্রে দক্ষিণখানের ভবনটিতে পাওয়া ফ্ল্যাটেই তারা থাকতেন।
কিছুদিন আগে তার দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ পেলে তাদের বিচ্ছেদ হয়। এরপরও তিনি মাঝে মাঝে ওই বাড়িতে যেতেন।
মেয়ের লেখাপড়ার খরচও তিনি দিতেন না বলে অভিযোগ মায়ের। এ নিয়ে পরিবারে অশান্তি, ঝগড়াঝাঁটি লেগেই ছিল বলে পুলিশের ভাষ্য।
পুলিশ আরও জানায়, মেয়েটির বাবা পাঁচ বছর আগে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়।
দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান বলেছিলেন, ওই বাড়ি থেকে ছাত্রীর মনোরোগের চিকিৎসা বিষয়ক কিছু কাগজপত্রও তারা উদ্ধার করেছেন। মার্চ মাসের প্রেসক্রিপশনে চিকিৎসক মেয়েটিকে একা না রাখার পরামর্শ দিয়েছিলেন।
