২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ইউরোপে বাংলাদেশের সব রাষ্ট্রদূতকেও ডাকা হয়েছে রোমে, তাদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

৩ দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 06:45 PM

Updated : 20 Jul 2023, 06:45 PM

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে এক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, আগামী ২৩ জুলাই ইতালির উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী, ২৬ তারিখ সকালে ঢাকায় ফিরতে রোম ত্যাগ করবেন।

সফরে রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেনও শেখ হাসিনা। এসময় জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিকল্প উৎস হিসেবে ইউরোপ থেকেও জ্বালানি আমদানির কথা ভাবছে বাংলাদেশ।

“জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। সেজন্য আমরা ডাইভারসিফেকেশনের পার্ট হিসেবে এ বিষয়ে ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই।”

পাশাপাশি ইতালি থেকে সামরিক কেনাকাটা বাড়ানোসহ সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবানার কথাও বলেন মোমেন।

এই সম্মেলনে অংশগ্রহণকালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “এটা আমাদের রুটিন ওয়ার্ক। প্রধানমন্ত্রী ওনাদেরকে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেবেন। আমরা সবাইকে একসঙ্গে ঢাকায় এনেই এটা করতে পারতাম, কিন্তু এতে সময় অনেকটা নষ্ট হয়।”

চলমান রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, “আমরা শান্তি চাই। আমরা শান্তির পক্ষে।”