১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনে নাশকতা: বাকি দুই লাশও হস্তান্তর

মরদেহ হস্তান্তর করার আগে দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

ট্রেনে নাশকতা: বাকি দুই লাশও হস্তান্তর

ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2023, 06:28 PM

Updated : 20 Dec 2023, 06:28 PM

ট্রেনে নাশকতার ঘটনায় নিহত চারজনের মধ্যে বাকি দুজনের লাশও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার বিকাল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে খোকন মিয়া (৩৫) ও রশিদ ঢালীর (৬০) লাশ বুঝে নেন তাদের পরিবারের সদস্যরা।

ঢাকা রেলওয়ে থানার এসআই সেতাফুর রহমান বলেন, মরদেহ হস্তান্তর করার আগে দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।

খোকন সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা জুলসা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে তিনি তৃতীয় । নারায়ণগঞ্জ বিসিক এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। স্ত্রী সাজনা আক্তার এবং তিনি ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্সটাইল কারখানায় কাজ করতেন। 

মৃত রশিদ ঢালি নেত্রকোণা সদর উপজেলার নাগরা গ্রামের মৃত বশির ঢালীর ছেলে। দুই ছেলে এক মেয়ের বাবা তিনি। তার স্ত্রীর নাম পেয়ারা বেগম।

বিএনপির ডাকা হরতালের মধ্যে মঙ্গলবার ভোরে ঢাকায় ঢোকার সময় নাশকতার শিকার হয় মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার পর তা আরো দুটো বগিতে ছড়িয়ে পড়ে।

ট্রেনটি তেজগাঁও রেলস্টেশনে ঢোকার পর জরুরিভাবে থামানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি কামরা থেকে উদ্ধার করা হয় এক নারী, তার শিশু সন্তানসহ চারজনের লাশ। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। 

নিহত চারজনের মধ্যে নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের ছেলে ইয়াসিনকে মঙ্গলবারই শনাক্ত করা হয়। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ সেদিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন লাগিয়ে পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগ আনা হয়েছে সেখানে।

পুরনো খবর-

·          স্বামীর লাশ নিতে মর্গে ঘুরছেন সাজনা

·         জীবনের ক্ষয়, সম্পদের অপচয়

·         আগুন বিমানবন্দরে, তবুও তেজগাঁও গেল কেন ট্রেন?

·         ‘আগুন দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নিই, নইলে বিপদ বাড়ত’

·         ‘বাবা জীবনের লাইগ্যা গেছেগা’, বিএনপি নেতার ছেলের কান্না

·         নিরাপদ ভেবে ট্রেনে গেছিল পপি, হেইখানে মরল: আক্ষেপ বাবার

·         ট্রেনে নাশকতা ঠেকাতে ২৭০০ আনসার

·         সন্তানকে বুকে জড়িয়ে পুড়ে অঙ্গার পপি, মর্গেও একসঙ্গে

·         বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নাশকতা, ট্রেনে আগুন: ডিএমপি কমিশনার

·         ট্রেনে আগুন ‘কূটচাল’: বিএনপি

·         ঢাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতার আগুন, মা-শিশুসহ নিহত ৪