প্রার্থীর রিকশায় বিনা ভাড়ার ভোটযাত্রাতেও আগ্রহ নেই
রিকশাচালক আব্দুল খালেক বলেন, “সারাদিন তো কেন্দ্রের সামনেই কাটাইয়া দিলাম। লোকজনই তো নাই।”
ব্যাটারিচালিত রিকশার চালক মো. মামুন ভোরবেলা রিকশা নিয়ে বেরিয়েছেন। তবে অন্য দিনের মতো ভাড়ায় যাত্রী টানেননি। বিনা ভাড়ায় ভোটারদের কেন্দ্রে পৌঁছে দেয়ার চুক্তি পেয়েছেন তিনি।
ঢাকা-৫ আসনে স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনের প্রতিনিধিরা সারাদিনের জন্য রিকশা ঠিক করেছেন ভোটারদের কেন্দ্রে নেওয়ার জন্য।
চালক মামুন জানিয়েছেন, দুপুর পর্যন্ত তিনি ১৫-২০ জনের মত ভোটারকে কেন্দ্রে পৌঁছে দিতে পেরেছেন। তাদের কাছ থেকে ভাড়া নেয়া হচ্ছে না।
তবে ভোট দিয়ে ফেরার সময় সে ভোটারদেরকে আর তুলছেন না মামুন।
কত টাকা পাবেন, জানতে চাইলে মামুন বলেন, “আমি কিছু কই নাই। গাড়ির জমা আছে ৪০০ টাকা। বাকিটা তাগো বিবেচনা।”
এ সময় পাশ থেকে আরেক রিকশাচালক আলম বলেন, “হাজার ১২শ তো দিবই।”
আলমও ঈগল মার্কার হয়ে রিকশায় ভোটার টেনেছেন সারাদিন।
তবে এই দুই চালকই জানিয়েছেন, বিনা পয়সায় বহনের প্রস্তাবেও ভোটাদের তেমন সাড়া মেলেনি।
অটোরিকশাচালক আব্বাস উদ্দিন ভোটার টেনেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজলের (ট্রাক প্রতীক) হয়ে।
তার ভাষ্য, “ন্যাতারাই বেশি উঠতাছে। একবার আসে, আবার যায়। তাগো পরিবাররে আনতে হয়।”
নৌকার প্রার্থীর হয়ে সারাদিনের জন্য যাত্রী বহনের চুক্তি পেয়েছেন আব্দুল খালেক।
বয়স্ক এই রিকশাচালক বলেন, “সারাদিন তো কেন্দ্রের সামনেই কাটাইয়া দিলাম। লোকজনই তো নাই।”
ঢাকা-৫ আসনের কেন্দ্রগুলোতে সারাদিনই ছিল ভোটার খরা। ডেমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন ছিল না। যদিও কেন্দ্রের বাইরে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।
কিছুক্ষণ পর পর কেন্দ্রের পাশের নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসার মাইক থেকে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বলা হচ্ছিল।
