২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া অফথালমোলজি একাডেমির প্রথম বাংলাদেশি সভাপতি আভা

প্রতিষ্ঠানটির ৬৩ বছরের ইতিহাসে বাংলাদেশি হিসেবে প্রথম এ দায়িত্ব পেলেন তিনি; এমনকি এর আগে কোনো নারীও এ দায়িত্বে ছিলেন না।

এশিয়া অফথালমোলজি একাডেমির প্রথম বাংলাদেশি সভাপতি আভা

অধ্যাপক আভা হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 07:23 PM

Updated : 04 Mar 2023, 07:23 PM

এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজি (এপিএও) এর সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আভা হোসেন।

এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন; এমনকি এপিএওর ৬৩ বছরের ইতিহাসে নারী হিসেবেও তিনি প্রথম।

বাসস জানায়, সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে এপিএও’র ৩৮তম কংগ্রেসে বিদায়ী সভাপতি চীনের নিগলি ওয়াং নতুন সভাপতি আভা হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অধ্যাপক আভা চক্ষু বিদ্যায় বাংলাদেশের প্রথম নারী ফেলো। তিনি ১৯৮৫ সালে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি ঢাকার মিরপুরে ওএসবি চক্ষু হাসপাতালের পরিচালক ও প্রধান কনসালট্যান্টের দায়িত্বে আছেন।

অধ্যাপক আভা অফথালমোলজি পাওয়ার লিস্ট ২০২১ এ বিশ্বের শীর্ষ ১০০ জন প্রভাবশালী নারী চক্ষু বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি পান।

এর আগে ২০২০ সালে তিনি তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অল ইন্ডিয়া কলেজিয়াম অব অফথালমোলজি (এফএআইসিও) এর অনারারি ফেলো পুরষ্কার পান।

তিনি সার্ক একাডেমি অব অফথালমোলজি, অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) এর সভাপতি এবং বাংলাদেশ কমিউনিটি অফথালমোলজিক্যাল সোসাইটি (বিসিওএস) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

বাংলাদেশে প্রায় ৪৩ বছর ধরে তিনি চিকিৎসা শাস্ত্র পড়াচ্ছেন; বাংলাদেশ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্ধত্ব প্রতিরোধে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে বাসস জানিয়েছে।