দুর্ঘটনায় বাইক আরোহী তরুণীর মৃত্যু, ‘অনুশোচনায় চালকের আত্মহত্যা’
শুক্রবার রাত ৯টার দিকে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা যান নওশীন। দুইদিন পর নিজ বাসার গ্রিলে ঝুলতে থাকা রাহাতকে খুঁজে পান স্বজনরা।
মোটরসাইকেলে দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যুর দুই দিন পর সেই বাইক চালকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে রাজধানীর খিলগাঁও এলাকার বাসা থেকে রাহাত হোসেন নামে ২৪ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছিলেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, রাহাত তার মোটরসাইকেলে চড়ে নওশীন আক্তার নামের সেই তরুণীর মৃত্যুর ঘটনায় নিজেকে ‘অপরাধী’ ভাবছিলেন। এই ‘অনুশোচনা থেকে’ তিনি আত্মহত্যা করতে পারেন।
আহত রাহাতের হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। সেই ব্যান্ডেজ গলায় পেঁচিয়ে জানালার গ্রিলের বেঁধে রাহাত আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন এই পুলিশ কর্মকর্তাকে জানিয়েছেন।
রাহাত ও নওশীন ছিলেন বন্ধু। নওশীন খিলগাঁও তিলপাপাড়া এলাকায় থাকতেন। খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে থাকতেন রাহাত।
ঈদের আগের দিন শুক্রবার রাতে রাহাতের মটরসাইকেলে করে নওশীন তিলপাপাড়া থেকে ওয়ারীতে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ২১ বছর বয়সী তরুণী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই দুর্ঘটনায় রাহাতের ডান হাত ভেঙে যায় এবং বাঁ পায়ে বেশ আঘাত লাগে।
এসআই আলমগীর জানান, রাহাতের বাবা ও মায়ের ২০২০ সালে বিচ্ছেদ হয়ে যায়। যে বাড়ি থেকে রাহাতের মরদেহ উদ্ধার করা হয়েছে এই বাড়ির একটি অংশ তার মায়ের। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই বাড়িতে রাহাত তার মায়ের সঙ্গেই থাকতেন।
হাবিবুল্লাহ বাহার কলেজের বিবিএর প্রথম সেমিস্টারের ছাত্র রাহাতের আরেক ছোট ভাই রয়েছে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ৩টা পর্যন্ত মায়ের সঙ্গে নওশীনের মৃত্যু নিয়ে কথা বলে ঘুমাতে যান রাহাত। যে ঘরে তিনি ঘুমান, সেই ঘরে তার সমবয়সী এক ফুপাত ভাইও ছিল। ওই ফুপাত ভাই ভোর সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখে জানলার গ্রিলের ঝুলছেন রাহাত।”
এরপরেই চিৎকার করে বাসার সবাইকে ডেকে তোলেন রাহাতের সেই ফুপাত ভাই।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা জানান, মরদেহটি আগেই পরিবারের লোকজন নামিয়ে মেঝেতে রাখে। এর গলায় অর্ধচন্দ্রাকৃতি দাগ দেখা গেছে।
বাড়ি থেকে উদ্ধার করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয় ময়নাতদন্তের জন্য।
