হানিফ ফ্লাইওভারের কাছে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী তরুণী নিহত
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী বন্ধুর সঙ্গে ওয়ারী যাচ্ছিলেন বলে পুলিশ জানায়।
ঢাকার গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের কাছে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত নওশীন আক্তার (২১) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানান মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই মো. দেলোয়ার হোসেন।
নওশীন খিলগাঁও তিলপাপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের মেয়ে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
এ ঘটনায় আহত তার বন্ধু ও বাইক চালক মো. রাহাদ হোসেন (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনিও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
রাহাদের বরাতে এসআই দেলোয়ার জানান, বঙ্গভবনের দক্ষিণ দিকে ফ্লাইওভারের কাছে মোটরসাইকেলে করে তিলপাপাড়া থেকে ওয়ারীতে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিলে পেছনে বসা নওশীন ছিটকে পড়ে। চালক রাহাদও আহত হন।
পরে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নওশীন মৃত বলে জানান।
মতিঝিল থানার ওই পুলিশ কর্মকর্তা জানান, চালককে গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করা হয়েছে।
