চা শ্রমিকের মজুরি ৩০০ টাকাও যথেষ্ট নয়: ৪৫ নাগরিক
“একজন শ্রমিকের মজুরির ওপর কমপক্ষে ৫ জনের ভরণপোষণ নির্ভর করে। বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ৩০০ টাকা পেলেও তা সম্ভব নয়,” বিবৃতিতে বলেন তারা।
উচ্চমূল্যের বাজারে চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয় জানিয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের ৪৫ জন নাগরিক।
শনিবার ওই নাগরিকদের পক্ষে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা গণমাধ্যমে যৌথ একটি বিবৃতি পাঠান।
এর আগে বিকালে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখিয়ে দৈনিক মজুরি ১৪৫ টাকা করার ঘোষণায় টানা ১২ দিনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দেন চা শ্রমিকরা।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৯ অগাস্ট থেকে টানা আন্দোলন চালিয়ে আসছিলেন দেশের ২৪১টি চা বাগানের প্রায় সোয়া লাখ শ্রমিক।
বিবৃতিতে বলা হয় গত ১৪ অগাস্ট, চা শিল্পের মালিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৩৪ টাকা করার যে প্রাথমিক প্রস্তাব দিয়েছিল, সেটি শ্রমিকদের প্রতি ‘অবহেলা ও উপহাসের নামান্তর’।
তারা বলেন, “আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী একজন কৃষি শ্রমিকের নূন্যতম মজুরি ৩ কেজি ৩৭০ গ্রাম চালের সমপরিমান। বর্তমানে গ্রামের একজন মজুরকে সারাদিনের জন্য মজুরি দিতে হয় কমপক্ষে ৪০০ থেকে ৬০০ টাকা।
“এছাড়াও শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন নিম্নতম মজুরি বোর্ড বিভিন্ন সেক্টরের যে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে তা আরও বেশি। শুধু তাই নয়, সেখানে প্রতিবছর বেতন বৃদ্ধির বিধান রয়েছে।”
চা উৎপাদক ও রপ্তানিকারক অন্যান্য দেশের দৃষ্টান্ত তুলে ধরে বলা হয়, “পার্শ্ববর্তী দেশ ভারতে চা শ্রমিকদের বর্তমান ন্যূনতম দৈনিক মজুরি ২৩২ রুপি, যা বাংলাদেশি টাকায় ২৭৭ টাকা এবং তারাও এই মজুরি বৃদ্ধির দাবি করছে।
“সর্ববৃহৎ চা রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা, নেপাল, কেনিয়া এবং চীনে দৈনিক মজুরি চা শ্রমিকদের দাবিকৃত মজুরির চেয়েও বেশি। তাহলে কিসের ভিত্তিতে বাংলাদেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা রয়ে গেল?”
বিবৃতিদাতারা বলেন, “বর্তমানের এই উচ্চ বাজার মূল্যের সময় দৈনিক ১২০ টাকা মজুরিতে কোনো একটি পরিবার কেন, একজন ব্যক্তির সংসারও চালানো সম্ভব নয়।”
চা-বোর্ডের তথ্যের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “দেশের ১৬৭টি চা-বাগানে ৫ লাখের বেশি চা-জনগোষ্ঠীর মধ্যে স্থায়ী শ্রমিক প্রায় এক লাখ। একজন শ্রমিকের মজুরির ওপর কমপক্ষে ৫ জনের ভরণপোষণ নির্ভর করে।
“বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ৩০০ টাকা মজুরি পেলেও তা সম্ভব নয়।”
চা শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি যাতে চা বাগান মালিকরা মেনে নেয় অবিলম্বে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তা নিশ্চিত করার দাবি জানান দেশের ওই ৪৫ জন নাগরিক।
বিবৃতিতে বলা হয়, “সরকারি তথ্য অনুসারে, দেশে মাথাপিছু বাৎসরিক আয় ২ হাজার ৮২৪ ডলার অর্থাৎ ২ লাখ ৬৮ হাজার ২৮০ টাকা। চা-শ্রমিকদের বার্ষিক আয় মাত্র ৪৩ হাজার ২০০ টাকা।
“আমরা তাই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির প্রতি সম্পূর্ণ সহমত পোষণ করে তাদের নায্য ও মানবিক ৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”
বিবৃতিদাতারা হলেন- মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারপার্সন সুলতানা কামাল, উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ড. হামিদা হোসেন, সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজির আহবায়ক দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিব) নির্বাহী পরিচালক ড. মেঘনা গুহঠাকুরতা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ, আইনজীবী জেড আই খান পান্না, অ্যাসোসিয়েশ ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের সহ-সভাপতি তবারক হোসাইন, অধ্যাপক আবুল বারকাত, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, অধ্যাপক রেহনুমা আহমেদ, ব্যারিস্টার সারা হোসেন, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, নারীপক্ষের সদস্য শিরিন হক, আইনজীবী সুব্রত চৌধুরী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, আলোকচিত্রী শহিদুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সহযোগী অধ্যাপক কাজলী সেহরিন ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফেরদৌস আজীম, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন কণা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক নোভা আহমেদ, গবেষক ও মানবাধিকারকর্মী রেজাউল করিম লেনিন, মানবাধিকারকর্মী নুর খান লিটন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শাহনাজ হুদা, অধিকারকর্মী হানা শামস আহমেদ, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিআইডিজির নির্বাহী পরিচালক ইমরান মতিন, মানবাধিকারকর্মী ফস্টিনা পেরেইরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল রিসার্চ অ্যাসোসিয়েট স্বপন আদনান।
আরও খবর:
