২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিষিদ্ধের আবেদনে শুনানি আবার পেছাল

গত ২৬ জুন চেম্বার আদালতে আবেদন করার পর কয়েক দফা পিছিয়ে শুনানির নতুন তারিখ ঠিক হয়েছে ৩১ অগাস্ট।

জামায়াত নিষিদ্ধের আবেদনে শুনানি আবার পেছাল

জামায়াত নিষিদ্ধের দাবিতে ২০১৩ সালের ১১ মার্চ খুলনায় বের হওয়া মিছিল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 04:54 PM

Updated : 24 Aug 2023, 04:54 PM

স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর সভা-সমাবেশসহ সব রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে করা আবেদনের ওপর শুনানি আবার পিছিয়েছে। সর্বোচ্চ আদালত আগামী ৩১ অগাস্ট নতুন তারিখ রেখেছে।

বৃহস্পতিবার এই আবেদন নিয়ে শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতিসহ চার বিচারপতির আপিল বেঞ্চ নতুন এই তারিখ ঠিক করে।

এই আবেদনের সঙ্গে জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেলসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানিও হবে।

জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের উপর নিষেধাজ্ঞা চেয়ে তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ কয়েকজন (রিটকারী) আপিল বিভাগে আবেদনটি করেন গত ২৬ জুন।

এছাড়া আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে নির্বাচন কমিশনে নিবন্ধন দাবি করায় আদালত অবমাননার অভিযোগ এনে আলাদা একটি আবেদন করেন রেজাউল হক চাঁদপুরী।

এই আবেদনে পক্ষভুক্ত হতে ৪২ জন বিশিষ্ট নাগরিক আপিল বিভাগে আবেদন করেন। তাদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা জাদুঘরের সারওয়ার আলী ও হারুন হাবীব, ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন ও মুনতাসীর মামুন, নাট্যজন রামেন্দু মজুমদার ও নাসির উদ্দীন ইউসুফ শিল্পী রফিকুন নবী, সাংবাদিক শাহরিয়ার কবির, লেখক মুহম্মদ জাফর ইকবাল, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা সেদিন আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়।

গত ৩১ জুলাই দুটি আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছিলেন আবেদনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর। এরপর তা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে।

আইনজীবী তানিয়া আমীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ আবেদন দুটি শুনানির জন্য কার্যতালিকার ২২ নম্বর ক্রমিকে ছিল। ক্রম অনুসারে শুনানির জন্য দাঁড়ালে আদালত বলেন, আজ শুনানি হবে না, আগামী ৩১ অগাস্ট শুনানি নেবেন।”

এর আগে গত ৩ আগস্ট ও পরে ১০ অগাস্ট আবেদন দুটি আপিল বিভাগের কার্যতালিকায় উঠে। কিন্তু তা পিছিয়ে যায়।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। এর পরের বছরই বাংলাদেশ তরীকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

এতে জামায়াতের নিবন্ধন কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০বি (১) (বি) (২) ও ৯০ (সি) অনুচ্ছেদের লঙ্ঘন ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।

রুলটি যথাযথ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়। এ রায়ে স্থগিতাদেশ চেয়ে জামায়াত ইসলামী আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে ওই বছর ৫ আগস্ট তা খারিজ হয়।

একই বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। সে আপিলে পক্ষভুক্ত হয়ে জামায়াতের নিবন্ধনের পক্ষে গত ১ আগস্ট আবেদন করেন ৪৭ ব্যক্তি।

হাই কোর্টের রায়ের পর ওই সময় বিএনপির জোটের শরিক দল জামায়াতের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে যায়।

ফলে স্থানীয় সরকারের বিভিন্ন পদে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। আর ২০ দলীয় জোটের প্রধান দল বিএনপির ধানের শীষ প্রতীক ব্যবহার করে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন নেতারা।

মাঝে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বিএনপির সঙ্গে বর্জন করে জামায়াতও।

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, ২০১৭ সালের মার্চে জামায়াতের জন্য বরাদ্দ মার্কা দাঁড়িপাল্লা প্রতীকের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট জারি করে নির্বাচন কমিশন।