২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের আগের রাতে ১১ যানবাহনে আগুন

শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোরের মধ্যে ছয় জেলায় এসব অগ্নিসংযোগের ঘটনায় কারো হতাহতের খবর আসেনি।

অবরোধের আগের রাতে ১১ যানবাহনে আগুন

রোববার ভোরে মিরপুর ৬ নম্বরে এই বাসটি পুড়িয়ে দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 09:18 AM

Updated : 05 Nov 2023, 02:00 PM

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফার অবরোধ শুরুর আগের রাতে ঢাকা ও দেশের বিভিন্ন জেলার সড়কে অন্তত দশটি বাস এবং একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়েছে, সিরাজগঞ্জে পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের স্থানীয় একটি অফিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোরের মধ্যে ছয় জেলায় এসব অগ্নিসংযোগের ঘটনায় কারো হতাহতের খবর আসেনি।

রাজধানীর গাউছিয়া মার্কেটের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি মিরপুর থেকে আজিমপুরের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে বলে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জিসান রহমান জানান।

পাঁচ মিনিট পর স্বল্প দূরত্বের ব্যবধানে নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পরিদর্শক ইউনূস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রিন ইউনিভার্সিটির বাসটি কাঁটাবনের দিক থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। আগুনে বাসটির বেশ ক্ষতি হয়েছে।

এর কিছু সময় পর সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপথ মোড়ের কাছে মিরপুর থেকে পোস্তগোলাগামী রাইদা পরিবহনের একটি বাস পুড়িয়ে দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে আগুন নেভাতে কাজ করে।

এরপর রাত ১০টায় গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে সেখানে আগুন নেভায়।

Image

শনিবার রাত দেড়টার দিকে নরসিংদী পুলিশ লাইনসের সামনে প্রাইভেট কারে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাস পুড়িয়ে দেওয়া হয়। আদমজী ফায়ার স্টেশনের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রায় একই সময়ে ভোলার চরফ্যাশন নতুন বাস স্ট্যান্ডে যমুনা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। চরফ্যাশন ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেই আগুন নেভায়।

রাত দেড়টার দিকে নরসিংদী পুলিশ লাইনসের সামনে পোড়ানো হয় একটি প্রাইভেট কার। নরসিংদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা জানান, রোববার ভোর ৪টার দিকে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের একটি বাসে আগুন দেয় ‘দুর্বৃত্তরা’। একই সময়ে যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে তুরাগ পরিবহনের বাস পুড়িয়ে দেওয়া হয়।

এরপর ভোর ৫টার দিকে মিরপুর ৬ নম্বরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। কাছাকাছি সময়ে গাজীপুরের ভোগড়ায় একটি বাসে আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় বলে জানান তালহা।

Image

রাজধানীর গাউছিয়া মার্কেটের সামনে শনিবার সন্ধ্যায় মিরপুর লিংক পরিবহনের বাসটি পোড়ানো হয়।

তিনি বলেন, যানবাহন ছাড়াও ভোর ৩টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের স্থানীয় একটি অফিসে আগুন দেয় ‘দুর্বৃত্তরা’। আর ঠাকুরগাঁওয়ে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ ডেকেছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে সেই সমাবেশ পণ্ড হয়ে গেলে ২৯ অক্টোবর হরতাল ডাকে দলটি।

একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর সারা দেশে অবরোধ করে তারা। সেই অবরোধ শেষে রবি ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয় নতুন করে।

বিএনপির ডাকা এই অবরোধে সমমনা দলগুলোও সমর্থন দিচ্ছে। এছাড়া বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি দিয়েছে।

এই হরতাল-অবরোধের মধ্যে প্রায় প্রতিদিনই যানবাহনে আগুন দেওয়ার খবর আসছে। তাতে প্রাণহানিও ঘটেছে।