দুই মামলায় মামুনুলের জামিন বহাল
গত ৫ মে হাই কোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পান হেফাজতে ইসলাম থেকে বাদ পড়া এই নেতা। জামিন ঠেকাতে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। এর মধ্যে দুটি নিয়ে শুনানি হয়। দুটিতেই জামিন বহাল থাকে।
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক হাই কোর্ট থেকে যে পাঁচ মামলায় জামিন পেয়েছিলেন, তার দুটিতে আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম রোববার দুই মামলার শুনানি করে হাই কোর্টের আদেশ বহাল রাখে। বাকি তিনটির শুনানি হয়নি এদিন।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের অবস্থান এবং ২০২১ সালের মার্চে ব্যাপক সহিংসতার ঘটনায় রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় মামুনুলের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। গত ৩ মে পাঁচটিতে মামুনুলকে জামিন দেয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর প্রতিক্রিয়ায় সে সময় রাজপথে নামে ধর্মভিত্তিক সংগঠনটি।
মামুনুলকে হাই কোর্টের দেওয়া জামিন ঠেকাতে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাইফুল বলেন, “৫ মামলায় জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে আজ দুই মামলায় শুনানি হয়েছে। এর মধ্যে এক মামলা ২০১৩ সালের আর একটি ২০২১ সালের। এ দুই মামলার একটিতেও অভিযাগপত্র জমা পড়েনি। যে কারণে জামিন দেওয়া হয়েছিল।”
মেহেদী হাসান চৌধুরী বলেন, “সেদিন ৫টার বাইরে হাই কোর্টে আরও দুই মামলার জামিন চাওয়া হয়েছিল। কিন্তু শুনানরি পর তা নাকচ করে দেওয়া হয়েছিল।”
অবশ্য এই পাঁচ মামলার সবগুলোতে জামিন মিললেও মামুনুলের মুক্তি এখনই সম্ভব নয়। ৩ মে হাই কোর্টের আদেশের পর তার আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেছিলেন, মামুনুলের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এ কারণে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
মামুনুল কেন গ্রেপ্তার
মামুনুল খেলাফতে মজলিস নামে কওমি মাদ্রাসাকেন্দ্রিক একটি রাজনৈতিক দলের নেতা। গ্রেপ্তারের সময় তিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ছিলেন। তবে পরে তাকে সংগঠনটি থেকে বাদ দেওয়া হয়।
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা করে কওমি মাদ্রাসাকেন্দ্রীক দলগুলোর সহিংসতার ঘটনায় আলোচিত ছিলেন মামুনুল।
সে সময় ঢাকায় বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এসব ঘটনায় প্রাণ হারান অন্তত ১৭ জন।
হেফাজতের যুগ্ম মহাসচিব থাকলেও সংগঠনে মামুনুলের প্রভাব ছিল ব্যাপক। সংগঠনের নীতি নির্ধারণে তার ভূমিকাও ছিল স্পষ্ট। একের পর এক ঘটনা শেষে ওই বছর ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে তিনি এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
সঙ্গে থাকা নারী সঙ্গীকে নিজের স্ত্রী দাবি করার পর অনুসারীরা হামলা করে মামুনুলকে ছিনিয়ে নেয়। পরে সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক ভাঙচুর চালায় হেফাজত কর্মীরা।
এরপর অভিযান শুরু করে পুলিশ। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের মামলাগুলো পুনরুজ্জীবিত হয়। ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার হন মামুনুল।
এছাড়া সহিংসতার ঘটনায় একাধিক মামলা করে পুলিশ। রিসোর্ট সঙ্গীনীও তার বিরুদ্ধে করেন ধর্ষণ মামলা। সেই সঙ্গে শাপলা চত্বরে সহিংসতার মামলাগুলোও সামনে আসে।
ওই বছরের জুনে হেফাজত থেকে রাজনৈতিক নেতাদের বাদ দেওয়া হয়। মামুনুলের পাশাপাশি পদ হারান তার ভাই মাহফুজুল হক।
তাদের বাবা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক ১৯৯৯ সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে গঠন করেন চারদলীয় জোট। সে সময় কওমি মাদ্রাসাকেন্দ্রিক দলগুলোর জোট ইসলামী ঐক্যজোটের নেতৃত্ব দিতেন তিনি। তবে তিনি চারদলীয় জোট ছেড়ে যান সবার আগে।
তবে গত কয়েক বছরে খেলাফত মজলিস ও বিএনপির মধ্যে যোগযোগের ইঙ্গিত মিলছিল।
মামুনুলকে গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সে সময় বলেছিল, মামুনুল হক কওমি মাদ্রাসার ছাত্রদের ‘উসকানি দিয়ে মাঠে নামিয়েছিলেন,’ তার উদ্দেশ্য ছিল ‘সরকার উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল’ করা।
মামুনুল ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত জঙ্গিদের ‘ঘনিষ্ঠ’ ছিলেন এবং তাদের একজনের সঙ্গে প্রায় দেড় মাস পাকিস্তানেও ছিলেন বলে সে সময় পুলিশের তরফ থেকে জানানো হয়।
