ঢাকায় কর্তব্যরত অবস্থায় ট্রাফিক কনস্টেবলের মৃত্যু
এই কনস্টেবল সদ্যই ডেঙ্গু থেকে সেরে উঠেছিলেন।
ডেঙ্গু থেকে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছিলেন সপ্তাহ খানেক আগেই, এরইমধ্যে মঙ্গলবার দায়িত্বরত অবস্থায় মৃত্যু হয়েছে এক ট্রাফিক কনস্টেবলের।
এ দিন রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় ৪৫ বছর বয়সী কনস্টেবল জাহাঙ্গীর আলম অসুস্থ হয়ে পড়েন।
মোহাম্মদপুর থানার এসআই পবিত্র কুমার মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ করেই জাহাঙ্গীর জ্ঞান হারিয়ে ফেলেন। রাত সাড়ে ৮ টার
দিকে তাকে মোহাম্মদপুর থানা সংলগ্ন বেসরকারি আল মানার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
“চিকিৎসকরা ধারণা করছেন, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।"
মৃত জাহাঙ্গীরের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। রাজারবাগ পুলিশ লাইনে জানাযা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান এসআই পবিত্র কুমার।
