২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা ঠেকাতে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি

১৮৯ প্লাটুনের এর মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ২৫ প্লাটুন বিজিবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2023, 11:28 AM

Updated : 13 Nov 2023, 11:30 AM

বিএনপি ও জামায়াতের ডাকে চলমান অবরোধে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে। 

সোমবার সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি নেমেছে, রোববার নেমেছিল ১৫২ প্লাটুন। 

বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সোমবার সকালে এক বার্তায় এ তথ্য জানান। 

১৮৯ প্লাটুনের এর মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ২৫ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।“

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে তিন দফায় সাত দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি ও মিত্র দল জামায়াত। বিএনপির এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সমমনা দলগুলোও।

এর আগে ৩১ অক্টোবরে বিএনপি-জামায়াতের টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে প্রথমবারের মত বিজিবির ‘র‍্যাপিড অ্যাকশন টিম-র‍্যাট’ ঢাকার রাস্তায় নামে। সে সময় র‍্যাট ছাড়াও সারাদেশে বিজিবির সদস্যরা মাঠে ছিলেন।

এছাড়া পরের ধাপের দুই দফায় ৫ ও ৬ এবং ৮ ও ৯ নভেম্বরের অবরোধেও বিজিবি নামে ঢাকাসহ সারাদেশে।

পুরনো খবর:

অবরোধে নাশকতা ঠেকাতে সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি
নাশকতা ঠেকাতে সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি
প্রথমবার ঢাকার রাস্তায় বিজিবির বিশেষ টিম 'র‍্যাট'
সংঘাতের পর ঢাকায় নেমেছে ১১ প্লাটুন বিজিবি