২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যন্ত অঞ্চলের সেবায় চিকিৎসকরা পাবেন প্রণোদনা: মন্ত্রী

“আমি চিকিৎসকদের সুবিধা যেমন দেব, চিকিৎসকদেরকেও রোগীদের সেবা বুঝিয়ে দিতে হবে,” বলেন তিনি।

প্রত্যন্ত অঞ্চলের সেবায় চিকিৎসকরা পাবেন প্রণোদনা: মন্ত্রী

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলে দশম জাতীয় নিউরোলজি সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2024, 09:20 PM

Updated : 05 Mar 2024, 09:20 PM

দেশের চিকিৎসা খাতের সুনাম ফিরিয়ে আনতে প্রত্যন্ত অঞ্চলেও সেবা পৌঁছে দেওয়ার তাগিদ অনুভব করছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এজন্য চিকিৎসকদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ডা. সামন্ত লাল বলেন, “প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কিছু অসুবিধা আছে আমি জানি। এসব অসুবিধা আমি নোট করছি। প্রত্যন্ত অঞ্চলে যারা চিকিৎসা সেবা দিতে যাবে, তাদের জন্য কী কী ইনসেনটিভ রাখা যায়- সেগুলো নিয়ে আমি কাজ শুরু করেছি।

“আমি চিকিৎসকদের সুবিধা যেমন দেব, চিকিৎসকদেরকেও রোগীদের সেবা বুঝিয়ে দিতে হবে। চিকিৎসকরা গ্রামে গিয়ে মানুষকে শুধু সেবা দিক, আমি তাদের সুযোগ-সুবিধাগুলো বাড়িয়ে দিব।”

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলে দশম জাতীয় নিউরোলজি সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপজেলা পর্যায়ে চিকিৎসক না থাকার বিষয়ে এমপিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জাতীয় সংসদে গেলে সংসদ সদস্যরা আমাকে বলেন, তার এলাকায় চিকিৎসক থাকে না। যেখানেই যাই, সেখানেই হাসপাতালে ডাক্তার থাকে না শুনতে পাই।

“এগুলো তো ভালো কথা না। উপজেলা হাসপাতালে যদি ডাক্তার থাকতে না চায়, তাহলে গ্রামের মানুষ কোথা থেকে ভালো চিকিৎসা পাবে?”

অনুষ্ঠানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, “চিকিৎসকদের উন্নত সেবা দিতে হলে ভালো মানের চিকিৎসা বিজ্ঞানের বই পড়তে হবে। চিকিৎসা সেবার মান বৃদ্ধিতে চিকিৎসকদের আরো কাজ করতে হবে, নতুন নতুন চিকিৎসা গবেষণায় মন দিতে হবে।”

সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাচিপের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, স্বাচিপ মহাসচিব কামরুল হাসান মিলন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিঞা।