২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তিনি একথা বলেন।
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন।
তিনি বলেছেন, এসব মিডওয়াইফ দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানে মাঠপর্যায়ে ভূমিকা রাখবেন।
শুক্রবার নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের দেশ আয়তনে ছোট হতে পারে, তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক। বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ৩০০ জন সুবিধাভোগীর মাঝে সেলাই মেশিন ও ফলজ গাছের চারা বিতরণ করেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা উপস্থিত ছিলেন।
