২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনআইডি সেবা: চুক্তির মেয়াদ তিন বছর অন্তর নবায়নের সুপারিশ

ই-কেওয়াইসি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান যাতে তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ না হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2022, 11:31 PM

Updated : 22 Sep 2022, 11:31 PM

জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি তিন বছর পরপর নবায়নের সুপারিশ এসেছে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) এক সেমিনারে এ প্রস্তাব আসে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইসির ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস’ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) আয়োজিত এ সেমিনারে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, বর্তমানে সরকারি-বেসরকারি ১৬৪টি প্রতিষ্ঠান ইসির কাছ থেকে অনলাইন তথ্য (ই-কেওয়াইসি) সেবা গ্রহণ করছে। আর এই সেবা থেকে অর্জিত অর্থ রাজস্ব খাতে জমা হচ্ছে।

ইসির আইডিইএ প্রকল্পের জুনিয়র কমিউনিকেশন কনসালটেন্ট শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে আলোচকরা জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা দৃশ্যমান করা, ডেটাবেজে বাবা-মায়ের নাম ইংরেজিতে লিপিবদ্ধ করা এবং ডিএনএ তথ্য সন্নিবেশ ও স্মার্ট কার্ডে চিপের ব্যবহার করার সুপারিশ করেন।

এছাড়াও সার্ভারের গতি বাড়ানো, ই-কেওয়াইসি সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সাথে সর্বনিম্ন ৩ বছরের চুক্তি ও প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়ন প্রস্তাবসহ বেশ কিছু সুপারিশ এসেছে।

ই-কেওয়াইসি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান যাতে এনআইডি সেবা প্রদানে তৃতীয় পক্ষের সাথে চুক্তিবদ্ধ না হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে ইসির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সেমিনারে ‘জাতীয় পরিচিতি সেবা যাচাই, সেবার প্রকৃতি, সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইএ প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।

পুরনো খবর:

এনআইডি: ‘তথ্যভাণ্ডার নয়, শুধু ভেরিফিকেশন সার্ভিস দেওয়া হচ্ছে’
এনআইডি তথ্য যাচাইয়ে ৬ মাসে ২৫ কোটি টাকা আয়

সেমিনারে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। ইসি সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি উইংয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পুলিশ, র‌্যাব, আনসার প্রতিনিধি, এনবিআর, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও টেলি কমিউনিকেশন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।