এসএসসি: শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ২৫১৯টি
সব পরীক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩২টি।
মাধ্যমিক পরীক্ষায় এ বছর ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পাস করতে পারেনি; শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৯৭৫টি।
গত বছর কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৮টি। আর ৫ হাজার ৪৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।
এ হিসেবে শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান এবার ২ হাজার ৫১৯টি কমেছে, সব পরীক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩২টি।
| সাল | শতভাগ পাস (প্রতিষ্ঠান) | শতভাগ ফেল (প্রতিষ্ঠান) |
|---|---|---|
| ২০২২ | ২,৯৭৫ | ৫০ |
| ২০২১ | ৫৪৯৪ | ১৮ |
| ২০২০ | ৩০২৩ | ১০৪ |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেন।
পরে আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে।
