২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রধান বিচারপতি পদক’ পেলেন যারা

সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রথমবারের মত এ পুরস্কার দেওয়া হল।

‘প্রধান বিচারপতি পদক’ পেলেন যারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে পদক বিতরণ করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2022, 09:11 PM

Updated : 18 Dec 2022, 09:11 PM

বিচারিক সেবার উৎকর্ষ অর্জন, শুদ্ধাচার, সক্ষমতা ও দক্ষতার স্বীকৃতিতে নিম্ন আদালতের পাঁচজন বিচারক এবং দলগতভাবে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত ‘প্রধান বিচারপতি পদক’ পেয়েছেন।

সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তারা পদক নেন।

জেলা ও দায়রা জজ ক্যাটাগরিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা; অতিরিক্ত জেলা জজ ক্যাটাগরিতে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাউদ হাসান; যুগ্ম জেলা ও দায়রা জজ ক্যাটাগরিতে নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত বিচারক মো. খোরশেদ আলম; সিনিয়র সহকারী জজ ক্যাটাগরিতে চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ মোসা. রেশমা খাতুন এবং সহকারী জজ ক্যাটাগরিতে রংপুরের সহকারী জজ মো. হাসিনুর রহমান মিলন পদক পেয়েছেন।

আর ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পক্ষে দলগতভাবে পদক গ্রহণ করেন জজ হেলাল উদ্দিন।

ব্যক্তি ক্যাটাগরিতে পদক পাওয়া প্রত্যেককে ১৬ গ্রাম ওজনের ২২ ক্যারেটের স্বর্ণ পদক এবং দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে। দলগত পুরস্কার পাওয়া জেলাকে ১৬ গ্রাম ওজনের ২২ ক্যারেটের স্বর্ণপদক এবং ৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, আইনমন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশ কুমার রসিকভাই, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।