২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি হয়ত হাল ছেড়ে দিচ্ছেন: টিআইবি

“অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব পালনে কমিশনের কাছে আরো বেশি উদ্যোগ প্রত্যাশিত”, বলেন ইফতেখারুজ্জামান। 

সিইসি হয়ত হাল ছেড়ে দিচ্ছেন: টিআইবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 09:51 PM

Updated : 18 Dec 2023, 10:12 PM

অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ‘হাল ছেড়ে দিচ্ছেন’ বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

‘সব দল না এলেও জনগণ ভোট দিলে বড় সফলতা’ বলে সিইসির বক্তব্যকে ‘স্ববিরোধী’ বলেও আখ্যা দিয়েছেন টিআইবি প্রধান।

তিনি বলেন, “এই বক্তব্যের প্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচন প্রত্যাশিতভাবে গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে।”

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংস্থাটি।

সিইসি বলেছিলেন, “সব দলের অংশগ্রহণ না থাকলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব।”

এর প্রতিক্রিয়ায় টিআইবির নির্বাহী পরিচালকের বিবৃতিতে বলা হয়, “সিইসি নিশ্চয়ই জানেন, শুধু আইনগত বাধ্যবাধকতা নিশ্চিত করে নির্বাচন শেষ করলে তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে না। এমন বাস্তবতায়, সিইসির গত শনিবারে বক্তব্য শুনে আশঙ্কা হচ্ছে যে, তিনি হয়ত হাল ছেড়ে দিচ্ছেন। কোনো অবস্থাতেই এর কোনো ইতিবাচক ব্যাখ্যা দাঁড় করানো সম্ভব নয়।”

তিনি বলেন, “দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব পালনে কমিশনের কাছে আরো বেশি উদ্যোগ প্রত্যাশিত।” 

‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কার যথেষ্ট কারণ আছে’

সিইসির এই বক্তব্যের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলেও দাবি করেন টিআইবির নির্বাহী পরিচালক।

তিনি বলেন, “পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে নির্বাচনে কাজ করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি যখন তিনি বলেন, ‘কে নির্বাচনে আসল, কে আসল না...জনগণ যদি আসেন, ভোটাররা যদি আসেন, তারা ভোট প্রয়োগ করেন, তাহলেই নির্বাচনের একটা বড় সফলতা’, তখন তার এ ঘোষণায় বাস্তবে দলীয় পক্ষপাতিত্বের প্রতিফল হয়েছে; যা দেশবাসীর মধ্যে হতাশা বাড়াচ্ছে।

“সাংবিধানিক সংস্থার প্রধানের এমন অবস্থান থাকলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা কতটা পূরণ হবে সেটা নিয়ে আশঙ্কার যথেষ্ট কারণ আছে।”

ইফতেখারুজ্জামান বলেন, “জনগণ ভোট দিলেই বড় সফলতা, এটি যেমন সঠিক, তেমনি প্রধান নির্বাচন কমিশনারের অজানা থাকার কথা নয় যে, জনগণের ভোটে অংশগ্রহণের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত সাপেক্ষে বাস্তব অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ সৃষ্টি অপরিহার্য।”

“‘স্ববিরোধী ও পক্ষপাতদুষ্ট অবস্থান’ পরিহার করে নির্বাচনকালীন সরকারের পাশাপাশি প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীর নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে ভূমিকা পালনের উপযোগী পরিবেশ সৃষ্টির সুনির্দিষ্ট লক্ষ্যে নির্বাচন কমিশনের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও অধিপরামর্শমূলক কর্মকাণ্ডে অগ্রসর হওয়া উচিত” বলেও মন্তব্য করা হয় টিআইবিরর এই বিবৃতিতে।

এতে বলা হয়, “আগের জাতীয় নির্বাচনগুলোর অভিজ্ঞতার প্রেক্ষিতে আসন্ন নির্বাচন অংশগ্রহণ ও অন্তর্ভূক্তিমূলক হওয়া সবচেয়ে বেশি জরুরি।”

পুরনো খবর:

নির্বাচন হল ‘খেলা’, রাজনীতিবিদদের মনে করালেন সিইসি