শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশের দাবি
সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মধ্যে যারা প্রবাসে আছে তাদের দেশে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রজন্ম ৭১।
মুক্তিযুদ্ধের এতদিন পরও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি না হওয়ায় হতাশা প্রকাশ করে তা দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে ‘প্রজন্ম ৭১’।
মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের নিয়ে গড়া সংগঠন ‘প্রজন্ম ৭১’ বুধবার সকালে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়।
পরে সংগঠনের সভাপতি শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর তন্ময় বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। কিন্তু এটা আরও ত্বরান্বিত হওয়া দরকার। যত সময় যাবে, তত বিভ্রান্তির জায়গা তৈরি হতে পারে।”
তিনি বলেন, “এক হাজার বা ১১০০-১২০০ শহীদ বুদ্ধিজীবীদের কথা আমরা শুনে থাকি। সেই তালিকা করতে খুব বেশি সময় লাগার কথা না।”
তালিকা তৈরির ‘শুরুর প্রক্রিয়া’ সহজ ছিল উল্লেখ করে আসিফ মুনীর বলেন, “প্রথম পর্বে যেটা হয়েছে সেটা আসলে সহজ ছিল। কারণ বিভিন্ন জায়গায় তাদের বিষয়ে তথ্য রয়েছে।
“তবে এখন বাকিগুলো সংগ্রহ করে তালিকা সম্পন্ন করার ধারবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে পারি আমরা।”
শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে ‘সাজাপ্রাপ্ত’ যুদ্ধাপরাধীদের মধ্যে যারা প্রবাসে আছে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ থাকতে হবে বলে মনে করেন আসিফ মুনীর।
তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে হত্যাকাণ্ডের রায় কার্যকর হয়েছে। কিন্তু পুরোপুরি হয়নি। প্রবাসী যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে বলে আমরা আশা করি।”
শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের আরেকটি সংগঠন রক্তধারা ৭১ও রায়েরবাজারে শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছে।
