বাবা হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার
গত এক দশক ধরে অহিদ উল্যাহ পলাতক জীবন কাটাচ্ছিলেন।
জমি লিখে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট-এটিইউ।
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. অহিদ উল্যাহ নামের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গত এক দশক ধরে পলাতক জীবন কাটাচ্ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ জানিয়েছে, ২০১৩ সালের ২৬ অগাস্ট কুমিল্লার মনোহরগঞ্জ থানার কান্দি এলাকায় আব্দুল করিম নামে এক ব্যাক্তি খুন হন।
ওই ঘটনায় আব্দুল করিমের স্ত্রী তার ছেলে অহিদ উল্যাহসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, জমিজমা লিখে না দেওয়ায় অহিদ উল্যাহ কয়েকজনকে সঙ্গে নিয়ে আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করেন।
তদন্ত শেষে মনোহরগঞ্জ থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত বিচার কার্যক্রম শেষে গত ১১ জুলাই অহিদ উল্যাহসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেয়।
এটিইউ জানিয়েছে, ১০ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলে অহিদ উল্যাহ। আশুলিয়ার জামগড়া এলাকায় তিনি ছদ্মনামে সবজি ফেরি করছেন বলে কিছুদিন আগে খবর আসে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
